কক্সবাজার শহরের হলিডে মোড় থেকে লিংক রোড হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ও কক্সবাজার-টেকনাফ মহাসড়কের দুই পাশের সরকারি জমিতে ১৩০ দখলদারের স্থাপনা উচ্ছেদে নোটিশ দেওয়া শুরু হয়েছে। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে এসব স্থাপনা সরিয়ে না নিলে তা ভেঙে ফেলা হবে বলে এতে উল্লেখ করা হয়। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম গতকাল রোববার এ খবরের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, কক্সবাজার-চট্টগ্রাম ও কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে সওজের অধিগ্রহণ করা ৩০০ একরের বেশি মূল্যবান জমি বেদখলে চলে গেছে। এতে নির্মাণ করা হয়েছে কয়েক হাজার বাণিজ্যিক ভবন, ব্যবসাকেন্দ্র, হোটেল-মোটেল, শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা। ১৯৫৪-৫৫ ও ১৯৯১-৯২ সালে ওই জমি হুকুমদখল (অধিগ্রহণ) করে মালিককে জমির বিপরীতে টাকা পরিশোধ করা হয়েছিল। তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার থেকে দখলদারদের ঠিকানায় গিয়ে নোটিশ দেওয়া হচ্ছে। আজকালের (সোম ও মঙ্গলবার) মধ্যে ১৩০ জন দখলদারের সবাইকে নোটিশ দেওয়া সম্ভব হবে। নোটিশে বলা হয়েছে, ‘নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে অবৈধ দখল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। অন্যথায় অবৈধ স্থাপনা ভেঙে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অবকাঠামো ভাঙার বিপরীতে সরকারের যে ব্যয় হবে তা-ও দখলদারের কাছ থেকে আদায় করা হবে।’ সংশ্লিষ্ট সূত্র জানায়, হলিডে মোড় থেকে লিংক রোড হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজার, খরুলিয়া, রামু, ঈদগাও, ডুলাহাজারা, চকরিয়া, হারবাং এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের চেইন্দা, মরিচ্যাবাজার, কোর্টবাজার, উখিয়া, হোয়াইক্যং, টেকনাফ পর্যন্ত প্রায় ১৬০ কিলোমিটার সড়কের দুপাশে ৩০০ একরের বেশি জমি দখল করে সাত হাজারের বেশি স্থাপনা তৈরি করা হয়েছে। গত ২৬ এপ্রিল প্রথম আলোতে ‘সওজের ৩০০ একর জমি বেদখলে’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর দখলদারদের উচ্ছেদে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা তৎপর হয়ে উঠেছেন।