১৩১ ইউপিতে ভোট গ্রহণ সম্পন্ন, কিশোরগঞ্জে ১১ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। সকাল আটটায় ভোট নেওয়া শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল চারটা পর্যন্ত।গতকাল কিশোরগঞ্জ সদর, কুষ্টিয়ার মিরপুর, গাজীপুর সদর, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, চাঁদপুরের হাইমচর, টাঙ্গাইলের নাগরপুর, ঢাকার দোহার, দিনাজপুরের ঘোড়াঘাট, নরসিংদীর পলাশ, নেত্রকোনার খালিয়াজুরী, পাবনার বেড়া, ভোলার চরফ্যাশন, মুন্সিগঞ্জের সিরাজদিখান, ময়মনসিংহের ফুলপুর, শেরপুরের নালিতাবাড়ী, সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সিলেট সদর উপজেলায় ভোট গ্রহণ করা হয়। এতে মোট ইউনিয়ন ছিল ১৩১টি।এ দফায় ৫ জুলাই পর্যন্ত ৫৭ জেলার ৪১৪টি উপজেলার তিন হাজার ৮১৩টি ইউপিতে ভোট গ্রহণ করা হচ্ছে। এর আগে গত মার্চে প্রথম দফায় উপকূলীয় অঞ্চলের ৫৫৩টি ইউনিয়নে ভোট হয়। দেশে বর্তমানে চার হাজার ৫০২টি ইউনিয়ন পরিষদ রয়েছে।কিশোরগঞ্জ, সিলেট, নরসিংদী ও টাঙ্গাইলের ৩৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ গতকাল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কিশোরগঞ্জ ও সিলেটে বৃষ্টি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন। কিশোরগঞ্জে আচরণবিধি ভঙ্গের দায়ে ভ্রাম্যমাণ আদালত ১১ জনকে কারাদণ্ড ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।কিশোরগঞ্জ: সদর উপজেলার ১১টি ইউনিয়নে ভোট হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ হাক্কানী জানান, বৌলাই ইউনিয়নের সৈয়দ আমিনুল হক উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টার দিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন: জনি মিয়া, সোহাগ, আবদুর রহিম, তোতা মিয়া, রুবেল, পুলক কুমার দাস, মামুন মিয়া, কামাল হোসেন, বুলবুল, গোলাপ ও সুমন।এ ছাড়া একই ইউনিয়নে হাজি ফুলের রহমান রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আচরণবিধি ভঙ্গের দায়ে নজরুল ইসলাম রঞ্জু নামে এক ইউপি সদস্যকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা যায়। অবিরাম বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা ভোটকেন্দ্রে আসেন। ১১টি ইউপিতে চেয়ারম্যান পদে ৬৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩২ জন ও সদস্য পদে ৪০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইউনিয়নগুলোতে ভোটারসংখ্যা এক লাখ ৮২ হাজার ১৩১ জন।জেলা নির্বাচন কর্মকর্তা-১ রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সার্বিক বিবেচনায় নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।সিলেট: সদর উপজেলার আটটি ইউনিয়নে ভোট গ্রহণ করা হয়। কোনো ভোটকেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দিনভর বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আট ইউনিয়নে ভোটারের সংখ্যা এক লাখ ৭৮ হাজার ৭৫৪ জন।টুকেরবাজার ইউনিয়নের শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুর রব জানান, দুপুর পর্যন্ত নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি।জেলা নির্বাচন কর্মকর্তা মো. সামসুল আলম বলেন, মানুষ বৃষ্টিতে ভিজেও আনন্দের সঙ্গে ভোট দিয়েছে।নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার তিনটি ইউনিয়নে গতকাল ভোট হয়। তিন ইউনিয়নে ভোটারের সংখ্যা ছিল ৬১ হাজার ২৭০ জন। তিন ইউপিতে চেয়ারম্যান পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে একজন উপপরিদর্শক, সাতজন পুলিশ সদস্য, আটজন আনসার, সাতজন নারী আনসার সদস্য দায়িত্ব পালন করেন।টাঙ্গাইল: জেলার নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নে গতকাল ভোট গ্রহণ করা হয়। সকালের দিকে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। দুপুরের পর থেকে পুরুষ ভোটারের উপস্থিতি বাড়তে থাকে।উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন জানান, নাগরপুরের ১২টি ইউপিতে চেয়ারম্যান পদে ৯০ জন, সাধারণ সদস্য পদে ৬১১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ ও সিলেট, টাঙ্গাইল অফিস ও নরসিংদী সংবাদদাতা]