১৩১টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় দফা নির্বাচনে আজ মঙ্গলবার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দেশের ১৭ জেলার ১৩১ ইউনিয়নে ভোট গ্রহণের মাধ্যমে আজ শুরু হয় দ্বিতীয় দফার নির্বাচন। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।এ দফায় আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭ জেলার ৪১৪টি উপজেলার নির্বাচনযোগ্য প্রায় সাড়ে তিন হাজার ইউনিয়নে ভোট গ্রহণ আজ শুরু হয়েছে।ভোট গ্রহণ উপলক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এলাকায় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।দ্বিতীয় দফা নির্বাচনে আজ কিশোরগঞ্জের সদর উপজেলা, কুষ্টিয়ার মিরপুর উপজেলা, গাজীপুরের সদর উপজেলা, গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলা, চাঁদপুরের হাইমচর উপজেলা, টাঙ্গাইলের নাগরপুর উপজেলা, ঢাকার দোহার উপজেলা, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা, নরসিংদীর পলাশ উপজেলা, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা, পাবনার বেড়া উপজেলা, ভোলার চরফ্যাশন উপজেলা, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা, ময়মনসিংহের ফুলপুর উপজেলা, শেরপুরের নালিতাবাড়ী উপজেলা, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা এবং সিলেটের সদর উপজেলার ১৩১টি ইউনিয়নে ভোট গ্রহণ শেষ হয়েছে।এর আগে প্রথম দফায় দেশের উপকূলীয় অঞ্চলের ১২টি জেলার প্রায় সাড়ে ৫০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।