১৩৬ জন চিকিৎসকের স্থলে আছেন ২৭ জন
চিকিৎসক, অবকাঠামো, ওষুধপত্র, যন্ত্রপাতি ও আনুষঙ্গিক সরঞ্জামের অভাবে দক্ষিণ উপকূলের জেলা বরগুনার ১২ লাখ মানুষের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জেলায় চারটি পৌরসভাসহ ৩৮টি ইউনিয়নের ৫৬৬টি গ্রামে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি ১০০ শয্যার জেনারেল হাসপাতাল, দুটি ৫০ শয্যার ও দুটি ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স, ২০ শয্যার একটি উপস্বাস্থ্যকেন্দ্র এবং আটটি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এসব স্বাস্থ্যসেবাকেন্দ্রে মোট ১৩৬ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে রয়েছেন ২৭ জন। ৪৮৭ জন তৃতীয় শ্রেণীর কর্মচারীর মধ্যে আছেন ৩৪৭ জন। চতুর্থ শ্রেণীর ১২৮ জন কর্মচারীর স্থলে আছেন ১১৫ জন। সব মিলিয়ে জেলায় ৭০৫ জন চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীর পদ থাকলেও সেখানে বর্তমানে কর্মরত আছেন ৪৮৯ জন। চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসংকটের পাশাপাশি এসব স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। তার ওপর সংশ্লিষ্ট লোকজনের দায়িত্বে অবহেলা, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার ও দুর্নীতি অব্যাহত থাকায় জেলার স্বাস্থ্যসেবা ক্রমেই নাজুক পর্যায়ে চলে যাচ্ছে। ফলে রোগীদের ক্ষোভ ও অভিযোগেরও শেষ নেই। গত ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরগুনা সফরকালে বরগুনা জেনারেল হাসপাতালকে ১০০ থেকে ২০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। কিন্তু প্রধানমন্ত্রীর এ ঘোষণায় আশ্বস্ত হতে পারেনি এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ। কারণ ১৯৯৭ সালের ২৫ ফেব্রুয়ারি জেনারেল হাসপাতালটি ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হলেও গত ১৪ বছরে সেখানে ১০০ জন রোগীর খাবার ছাড়া অবকাঠামো, চিকিৎসক, প্রয়োজনীয় জনবল ও অন্যান্য কোনো সুযোগ-সুবিধা বাড়েনি। বরং ৫০ শয্যার হাসপাতালে ২৭ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে সেখানে চিকিৎসক আছেন মাত্র আটজন।বামনা উপজেলার সোয়া লাখ মানুষেরচিকিৎসাসেবা দিচ্ছে দুজন চিকিৎসক: বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ ভবন ও চিকিৎসক-সংকটে উপজেলার প্রায় সোয়া লাখ মানুষের স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। ৩১ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র তিনজন চিকিৎসক। তাঁদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আবুল কালাম ও তরিকুল ইসলাম নিয়মিত থাকলেও অপর চিকিৎসক মনিরুল ইসলাম সপ্তাহে একদিন অফিস করেন। এভাবে দুজন চিকিৎসক দিয়ে কোনো রকমে এই স্বাস্থকেন্দ্রের চিকিৎসা কার্যক্রম চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। হাসপাতাল সূত্রে জানা গেছে, এ হাসপাতালে দুজন অফিস সহকারী এবং নার্স, ফার্মাসিস্ট, ওয়ার্ডবয়, স্টোরকিপার, এক্স-রে অপারেটর, এমএলএসএস, সুইপার ও মালীর একজন করে পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে হাসপাতালের প্রশাসনিক ও সেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া পরীক্ষা-নিরীক্ষার কাজে ব্যবহূত রি-এজেন্ট সরবারহ না থাকায় প্যাথলজি বিভাগ কার্যত অচল হয়ে আছে। খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ রোগী চিকিৎসাসেবা নিতে আসে। মাত্র দুজন চিকিৎসক এত রোগীকে সামাল দিতে পারেন না। অস্ত্রোপচার কক্ষের টেবিল, বাতি ও অন্য সরঞ্জামের অভাবে এ হাসপাতালে কোনো সাধারণ অস্ত্রোপচারও করা সম্ভব হয় না। হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স থাকলেও তার ব্যয় সাধারণ রোগীদের সাধ্যের বাইরে। সরকারি নিয়মানুযায়ী অ্যাম্বুুলেন্সে রোগী নিয়ে বামনা থেকে বরিশাল আসা ও যাওয়ার খরচ ফেরি ভাড়াসহ এক হাজার ১৬০ টাকা, সেখানে নেওয়া হচ্ছে তিন হাজার ৪০০ টাকা। এ ব্যাপারে অ্যাম্বুলেন্স চালক মো. আরিফুল ইসলাম বলেন, ‘সরকারিভাবে জ্বালানি তেল সরবরাহ না থাকায় ফেরি ভাড়াসহ সমুদয় খরচ রোগীদের বহন করতে হয়।’ সরেজমিনে দেখা যায়, হাসপাতালের অবকাঠামোগত সমস্যাও প্রকট। ১৯৯৪-৯৫ অর্থবছরে হাসপাতাল ভবনের সংস্কার করা হলেও ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে। পুরো ভবনে শ্যাওলা পড়ে স্যাঁতসেঁতে অবস্থা। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে হাসপাতালের টয়লেট ব্যবহারের অনুপোযোগী। রোগীদের ওয়ার্ডে বৈদ্যুতিক ব্যবস্থাও ভালো নয়। হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা আবুল কালাম বলেন, ‘বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ ছাড়া অন্য সব ক্ষেত্রেই মারাত্মক সংকট বিরাজ করছে। নতুন ভবনের কাজ চলছে, অচিরেই হয়তো অবকাঠমো সংকট দূূর হবে। তবে প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক না থাকায় প্রতিদিন রোগী সামাল দিতে হিমশিম খেতে হয়।’ পাথরঘাটার সোয়া দুই লাখ মানুষের জন্য চিকিৎসক তিনজন: পাথরঘাটা উপজেলার সোয়া দুই লাখ মানুষের জন্য ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন চিকিৎসকের পদ থাকলেও সেখানে আছেন মাত্র তিনজন। একমাত্র এক্স-রে মেশিনটি অকেজো পড়ে আছে সাত বছর ধরে। দুইটি অ্যাম্বুলেন্সের একটি অকেজো, অপরটি অধিক ভাড়ার কারণে অধিকাংশ রোগী ব্যবহার করতে অসমর্থ। জরাজীর্ণ ভবনে স্থানসংকুলানের অভাবে বেশির ভাগ সময়ই মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হয় রোগীদের। আর প্রসূতিদের জন্য নির্ধারিত কক্ষটি স্থানাভাবে সব রোগীর জন্য উন্মুক্ত করে চালানো হচ্ছে চিকিৎসাসেবা।২০০৫-০৬ অর্থবছরে পাথরঘাটা হাসপাতাল ৫০ শয্যায় উন্নীত হলে ওই বছরেই ৫০ শয্যার নতুন ভবন নির্মাণকাজ শুরু হয়। কিন্তু এত দিনেও সে ভবনের কাজ সম্পন্ন হয়নি। সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের চিকিৎসকদের আবাসিক বাড়িগুলো চুনকাম করা এবং রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলেও রোগীদের কক্ষগুলো চুনকামবিহীন, অপরিষ্কার-অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত। স্থানস্বল্পতার কারণে রোগীদের গাদাগাদি করে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এমনকি জায়গা স্বল্পতার কারণে অস্ত্রোপচার কক্ষেও রোগীদের শয্যা দিতে হচ্ছে।হাসপাতালের প্রশাসন সূত্রে জানা গেছে, এ হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিনটি দীর্ঘ পাঁচ থেকে সাত বছর ধরে অকেজো পড়ে আছে। দুটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি অকেজো হয়ে পড়ে আছে প্রায় সাত বছর ধরে। অপর অ্যাম্বুলেন্সটি চালু থাকলেও অধিক ভাড়ার কারণে অধিকাংশ রোগীর পক্ষে তাতে বরিশাল অথবা ঢাকায় যাওয়া অসম্ভব। হাসপাতালে নয়জন চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র তিনজন। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা অমল চন্দ্র রায় গত ৩ মে অবসরে যাওয়ার পর আরিফুর রহমান বর্তমানে ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এ স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন নার্সের পদ থাকলেও আছেন পাঁচজন। আর ওয়ার্ড বয়, আয়া ও সুইপার রয়েছেন একজন করে।খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালের যে কক্ষে গর্ভবতী মহিলাদের থাকার কথা, সেই প্রসূতি কক্ষে চলছে সাধারণ রোগীদের চিকিৎসাসেবা। ভুক্তভোগী পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের নূর বক্সের মেয়ে তামান্না বলেন, ‘মোরা খুব গরিব ও অসহায় বইল্যা এ হাসপাতালে আইছি, নাইলে এমন নোংরা হাসপাতালে মানুষ না ঠেকলে আয় না।’জরুরি বিভাগে চিকিৎসক না পেয়ে ফিরে যাওয়া চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রামের নূরুল হকের ছেলে ছগির বলেন, ‘হাসপাতালের মধ্যে এত্ত ময়লা ও গন্ধ যে পেটের মধ্যে মোচর দেয়। মোরা গরিব মানুষ বইল্যা তার পরও এ হাসপাতালে আই, কিন্তু আইজ জরুরি বিভাগে একজন ডাক্তারও পাই নায়, তাই বাড়ি যাইতে আছি।’ এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফুর রহমান বলেন, ‘৫০ শয্যাবিশিষ্ট নতুন ভবনটি উদ্বোধন হলেই সমস্যা সমাধান হয়ে যেত, তবে মফস্বল এলাকায় ডাক্তাররা থাকতে চান না। ডিগ্রি নেওয়ার জন্য তাঁরা শহরমুখী হন। আমাদের সীমিত সামর্থ্য দিয়ে তবুও চেষ্টা করছি ন্যূনতম চিকিৎসাসেবা চালিয়ে যেতে।’ এদিকে পাথরঘাটার তরুণদের স্বেচ্ছাসেবী রক্তদানকারী সংগঠন ‘প্রত্যয়’ ১৯ এপ্রিল ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে পৌরসভার গোলচত্বর এলাকায় পাথরঘাটা হাসপাতালে চিকিৎসক-সংকট, দুর্নীতি ও চিকিৎসকদের দায়িত্বে অবহেলা, হাসপাতালের অপরিচ্ছন্নতা, ৫০ শয্যা নতুন ভবন উদ্বোধনের দাবিতে প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তাঁরা পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি দেন।বেতাগী হাসপাতাল নামেই ৫০ শয্যার: বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২৫ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয় পাঁচ বছর আগে। সে অনুযায়ী নতুন ভবনও নির্মাণ করা হয়। কিন্তু এখানে নয়জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছে মাত্র দুইজন। এদের একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা রুস্তুম আলী ও অপরজন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শ্যামল কুমার হাওলাদার। এই দুজন চিকিৎসককে আবার হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য প্রশাসনের দায়িত্ব পালন করতে হচ্ছে। প্রতিদিন হাসপাতালের বর্হিবিভাগে ১০০-১২৫ এবং আন্তবিভাগে ৪০-৫০ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিয়ে থাকে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা রুস্তুম আলী বলেন, ‘প্রশাসনিক কাজকর্ম করে রোগীদের সামলাতে প্রতিদিন হিমশিম খেতে হচ্ছে। তবুও চেষ্টা চালাচ্ছি যাতে মানুষ ন্যুনতম সেবা পায়।’একনজরে জেলার লোকসংখ্যা: প্রায় ১২ লাখ সরকারি হাসপাতাল: একটি (১০০ শস্যার জেনারেল হাসপাতাল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: চার (দুটি শয্যার ও দুটি ৩১ শয্যার) মা ও শিশু কেন্দ্র: একটি উপস্বাস্থ্যকেন্দ্র: একটি (২০ শয্যার) ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র: আটটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র: ৩৮টি মোট চিকিৎসকের পদ: ১৪২টি বর্তমানে কর্মরত আছে৩০ জন মোট চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীর পদ: ১১৮৩টি। বর্তমানে আছে৮৪৫ জন