চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নকাজের অনিয়ম খতিয়ে দেখতে এক হাজার ৩৮০টি ফাইল তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে ফাইলগুলো দেওয়ার জন্য তাগিদও দেওয়া হয়েছে। ২০১০-১১ অর্থবছরে ১৮৫ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়। দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক আবদুল আজিজ ভূঁইয়ার দেওয়া এ-সংক্রান্ত চিঠি সিটি করপোরেশনে পৌঁছেছে। দুদক সূত্র জানিয়েছে, ৫ জুলাই ডাকযোগে পাঠানো চিঠি গত রোববার সিটি করপোরেশনে পৌঁছায়। গতকাল সোমবার প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম চিঠির ফটোকপি প্রধান প্রকৌশলী মো. মোখতার আলম ও উপসচিব সাইফুদ্দিন মাহমুদকে দেন। ফাইলগুলো তৈরি করে দেওয়ার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা দুদকের কাছে সময় চেয়েছেন বলে জানা গেছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মো. সামসুদ্দোহা এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘দুদক যদি আমাদের কোনো উন্নয়ন কার্যক্রমের ফাইল দেখতে চায়, তাহলে আমরা তাদের সহযোগিতা করব।’ জানা গেছে, ২০১০-১১ অর্থবছরের পাঁচটি বিভাগের মধ্যে চারটি বিভাগের উন্নয়ন প্রকল্পের ফাইল তলব করা হয়েছে। এসব ফাইলের মধ্যে রয়েছে ১ নম্বর বিভাগের ২৫ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ২৬৩টি প্রকল্প, ২ নম্বর বিভাগে ৪৭ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ৩৩৫টি প্রকল্প ও ১৪ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ১৬৬টি প্রকল্প, ৩ নম্বর বিভাগে ৫০ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ৩৪৭টি প্রকল্প এবং ৪ নম্বর বিভাগে ৩৬ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে ২৬৯টি প্রকল্পের ফাইল। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, বিশ্বকাপ ক্রিকেটের দুটি ম্যাচ এবং একটি প্রস্তুতি ম্যাচ খেলাকে কেন্দ্র করে ২০১০-১১ অর্থবছরে চট্টগ্রাম সিটি করপোরেশন অবকাঠামোগত উন্নয়নকাজ পরিচালনা করে। এ সময় নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ মন্জুর আলম। সেই সময় সিটি করপোরেশনের তালিকাভুক্ত ঠিকাদারের পাশাপাশি আরও নতুন ৫০০ ব্যক্তি ঠিকাদার হিসেবে তালিকাভুক্ত হন। তাঁদের বেশির ভাগই বিএনপিদলীয় নেতা-কর্মী বলে জানা যায়। তাঁদের বেশির ভাগই চট্টগ্রামের ৪২৮ কিলোমিটার সড়ক পাকা করার (কার্পেটিং) কাজ পান। অভিযোগ রয়েছে, পূর্ব অভিজ্ঞতা না থাকায় এবং দলীয় বিবেচনায় আসা এসব ঠিকাদার যেসব সড়কে কার্পেটিংয়ের কাজ করেন, তা পরবর্তী তিন মাসেই নষ্ট হয়ে যায়। ফলে বর্ষা মৌসুমে চট্টগ্রামের বেশির ভাগ সড়কই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। চট্টগ্রাম বিমানবন্দর সড়কসহ কয়েকটি সড়কে কোনো ধরনের কার্পেটিং ছাড়াই উন্নয়নকাজ শেষ করার অভিযোগও রয়েছে। এসব সড়কের উন্নয়ন ও সংস্কারকাজ যথাযথ না হওয়ায় এক বছরের মধ্যেই অনেক জায়গায় সড়কে গর্ত হয়ে গেছে। বিমানবন্দর সড়কের বিভিন্ন স্থান ধসে পড়েছে।জানা যায়, গতকাল দুদকের চিঠি পাওয়ার পর সিটি করপোরেশনের প্রকৌশলীরা এক বৈঠকে বসেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রকৌশলী প্রথম আলোকে বলেন, ‘অতীতে কোনো প্রতিষ্ঠানের এক বছরের উন্নয়ন প্রকল্পের ফাইল তলবের নজির নেই। দুদক কি মনে করছে আমরা সবাই ডাকাত?’ তবে বৈঠকে দুদকে ফাইল সরবরাহের ক্ষেত্রে সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই প্রকৌশলী জানান।এ বিষয়ে গতকাল মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, যেসব প্রকল্পের ফাইল তলব করা হয়েছে সেসব কাজে কোনো অনিয়ম হয়নি। তাঁরা বিনা দ্বিধায় দুদককে এ-সংক্রান্ত তদন্তে সহায়তা করবেন।