১৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এজলাস কক্ষে হইচই ও বিশৃঙ্খলার ঘটনায় ১৪ আইনজীবীর বিরুদ্ধে করা মামলা এবং ১৩ আইনজীবীকে পেশা থেকে বিরত থাকতে হাইকোর্টের নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবীর রিজভী, কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন উপস্থিত ছিলেন। আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের আচরণ শিষ্টাচারপূর্ণ ছিল কি না জানতে চাইলে মির্জা ফখরুল বিষয়টি এড়িয়ে যান। তিনি তাঁর দাবিতে অটুট থেকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা যাবে তাঁরা তা করছেন কি না।সংবিধান ছুড়ে ফেলে দেওয়া হবে বলে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া যা বলেছেন তা ঠিকই বলেছেন। তা প্রত্যাহার করা হবে না। অন্যদিকে মুফতি আমিনীর মামলার শুনানিকালে খালেদা জিয়ার নাম আসার বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন তিনি। এর মধ্য দিয়ে খালেদা জিয়ার দেশপ্রেমের বিষয়টিতে কটূক্তি করা হয়েছে। মির্জা ফখরুল রাজনৈতিক বিষয়ে আদালতকে হস্তক্ষেপ না করার আহ্বান জানান।