১৪ আগস্ট থেকে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছুটি শুরু
সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী শনিবার অর্থাৎ ১৪ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি থাকার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছুটির এ সিদ্ধান্ত নেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পবিত্র রমজান মাসের ১০ তারিখ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণার প্রস্তাব দেয়। এর আগে যানজট নিরসনে ব্যবসায়ী ও ঢাকা মহানগর পুলিশ পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার দাবি জানিয়েছিল।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, বার্ষিক শিক্ষাপঞ্জিতে ১২ রমজান থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দেওয়ার কথা উল্লেখ আছে। কিন্তু যানজট, শিক্ষক-শিক্ষার্থীর দুর্ভোগসহ বিভিন্ন বিষয় চিন্তা করে আগামী শনিবার থেকে এ ছুটি ঘোষণা করা হয়েছে।প্রাথমিক বিদ্যালয়েও ছুটি ঘোষণা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মোহাম্মদ শহীদ আজ দুপুরে মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে জানান, আগামী ১৪ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয়েও ছুটি থাকবে। তিনি জানান, পবিত্র রমজান, শবে কদর, ঈদ, যানজট—সব বিবেচনায় নিয়ে এ ছুটি ঘোষণা করা হয়েছে। এতে আগের ছুটির চেয়ে সাত দিন ছুটি বাড়ল। সচিব অতিরিক্ত ক্লাস নিয়ে এ ছুটি সমন্বয় করতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।