১৪ ঘণ্টা পর নৌপথ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার ভাঙনে প্রায় ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের মাওয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার বেলা একটার দিকে তিনটি ফেরিঘাটের দুটিতে ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়া ঘাট থেকে শ্রীনগর উপজেলার ফানবাড়ি পর্যন্ত আট কিলোমিটার সড়কে গাড়ির লম্বা লাইন দেখা গেছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক পরিদর্শক আখতার হোসেন জানান, পদ্মার ভাঙনে গতকাল রাত ১১টার দিকে মাওয়া ঘাটে তিনটি ফেরিঘাটের সংযোগ সড়ক বিলীন হয়ে যায়। এতে ওই নৌপথে ফেরি বন্ধ হয়ে যায়। আজ বেলা একটার দিকে দুই ও তিন নম্বর ঘাট মেরামত করা হলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়। বেলা দুইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঋষিবাড়ি এলাকায় এক নম্বর ঘাটের মেরামতকাজ চলছিল।