১৪ ঘণ্টা পর মেঘনার চর থেকে লঞ্চটি উদ্ধার
চার হাজারের বেশি যাত্রী নিয়ে চাঁদপুর সদর উপজেলায় মেঘনা নদীর মাঝের চরে আটকা পড়া লঞ্চটি ১৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে আজ শনিবার বেলা আড়াইটা পর্যন্ত উপজেলার হরিণা ফেরিঘাটের পশ্চিম পারে ডুবো চরে আটকে ছিল এমভি কালাম খান। লঞ্চটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল।চাঁদপুর কোস্টগার্ড কার্যালয় থেকে জানানো হয়েছে, আজ দুপুর ১২টার দিকে এমভি কালাম খান লঞ্চের অর্ধেক যাত্রীকে এমভি মশিরন খান নামের আরেকটি লঞ্চ এসে উদ্ধার করে বরিশালের দিকে রওনা হয়। মাওয়া থেকে উদ্ধারকারী জাহাজ ‘অগ্রযাত্রা’ এসে বেলা আড়াইটার দিকে এমভি কালাম খানকে উদ্ধার করে। এটি বরিশালের উদ্দেশে ছেড়ে গেছে। আটকা পড়া লঞ্চের কয়েকজন যাত্রী অভিযোগ করেন, লঞ্চটিতে অতিরিক্ত যাত্রী থাকায় এ অবস্থার সৃষ্টি হয়।চাঁদপুর নৌবন্দরের কর্মকর্তা টি আই নিয়াজ মোহাম্মদ বলেন, লঞ্চটি এক হাজার ২০০ যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন। কিন্তু এটি চার তলা হওয়ায় এতে চার হাজারের বেশি যাত্রী নেওয়া হয়েছিল।চাঁদপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন চরে আটকা পড়া লঞ্চ উদ্ধারের খবরটি নিশ্চিত করেছেন।