১৪ চিনি ব্যবসায়ীকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিনি মজুদের অভিযোগে করা পৃথক দুটি মামলায় ১৪ চিনি ব্যবসায়ীকে আগামী চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাঁদের হয়রানি বা গ্রেপ্তার না করতে বলেছেন আদালত। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, চার সপ্তাহের মধ্যে তাঁদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাঁদের হয়রানি বা গ্রেপ্তার না করতে বলা হয়েছে। তাঁদের জামিনের বিরুদ্ধে সরকারের আবেদন নিষ্পত্তি করে দিয়েছে বলে তিনি জানান। গত বছরের ১৫ নভেম্বর ১৪ চিনি ব্যবসায়ীকে স্থায়ী আগাম জামিন দেন হাইকোর্ট। পরদিন হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগ। এই ১৪ চিনি ব্যবসায়ী হলেন আব্দুল ওহাব, আনিসুর রহমান ওরফে বড় আনিস, আনিসুর রহমান ওরফে ছোট আনিস, রফিকুল ইসলাম, হাফিজুর রহমান ওরফে বাবু, সফিয়ার রহমান, আবদুল ওয়াদুদ, মধুসূদন সাহা ও চিত্তরনজন কুণ্ডু, অলোক কুণ্ডু, হাজি সিরাজুল ইসলাম, মো. আমিন, রাজু আহমেদ ও সরোয়ার হোসেন। মধুসূদন সাহা দুই মামলার আসামি।উল্লেখ্য, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের সহায়তায় গত ২৬ সেপ্টেস্বর যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া থেকে ৭৪ হজার বস্তা চিনি জব্দ করেন। পরদিন যশোরের জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) শেফিনা বেগমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করেন। তদন্ত দল ৩০ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই দিন তা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়। গত ১ অক্টোবর বিকেলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের কাছে ফ্যাক্সে একটি নির্দেশনা আসে। সেই নির্দেশনা অনুযায়ী জেলা বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান বাদী হয়ে মজুদের অভিযোগে ওই দিন (১ অক্টোবর) রাতেই ১৪ জন চিনি আমদানিকারক ও ব্যবসায়ীর বিরুদ্ধে অভয়নগর থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের করেন।