১৪ জন উপজেলা চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণায় সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগে ১৪ জন উপজেলা পরিষদ চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নির্বাচন কমিশনও ওই উপজেলা চেয়ারম্যানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।স্থানীয় সরকার বিভাগের সূত্র জানায়, গতকাল মঙ্গলবার প্রথম আলোয় ‘সিলেটে নির্বাচনে সরকারি গাড়ি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে ১৪ জন উপজেলা চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ওই চেয়ারম্যানদের নাম গতকাল প্রথম আলোয় ছাপা হয়। নোটিশে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ জানাতে বলা হয়েছে। নোটিশে নির্বাচনী আচরণবিধি ও উপজেলা চেয়ারম্যানদের গাড়ি ব্যবহারসংক্রান্ত বিধিমালা লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম শহিদ খান নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে গতকাল প্রথম আলোকে বলেন, যাঁরা আচরণবিধি ও গাড়ি ব্যবহারবিধি লঙ্ঘন করছেন, তাঁদের কাউকে ছাড় দেওয়া হবে না।সিলেট সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিভাগীয় কমিশনারের মাধ্যমে ওই উপজেলা চেয়ারম্যানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’অবশ্য গতকাল নির্বাচনী প্রচারণাকালে উপজেলা চেয়ারম্যানদের সরকারি গাড়ি ব্যবহার করতে দেখা যায়নি। সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার ৫০ জনের বেশি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ করতে দেখা গেছে।নির্বাচনী প্রচারণায় সরকারি গাড়ি ব্যবহার হচ্ছে কি না, তা দেখতে গতকাল নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নেতৃত্বে একটি দলও নগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। সহকারী রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘উপজেলা চেয়ারম্যানদের সরকারি গাড়ি ব্যবহার করে প্রচারণা চালানোর সত্যতা পাওয়া গেছে। তবে আজ (মঙ্গলবার) আমরা ঘুরে এমন পাইনি। সংবাদ প্রকাশের পর হয়তো তাঁরা সতর্ক হয়ে গেছেন।’গতকাল আওয়ামী লীগ-সমর্থিত ও নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী কামরানের সমর্থনে তালতলা, সুরমা মার্কেট, চাঁদনীঘাট, কালীঘাট, মহাজনপট্টি, ব্রহ্মময়ীবাজার, লালদীঘিরপার, হকার্স মার্কেট, বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা প্রচারণা চালান। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন, এসব গণসংযোগে সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, গোলাপগঞ্জের ইকবাল আহমদ চৌধুরী, বালাগঞ্জের মোস্তাকুর রহমান, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল-আজাদ, জগন্নাথপুরের আকমল হোসেন ও শাল্লার অবনীমোহন দাস, হবিগঞ্জের মাধবপুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী প্রমুখ অংশ নেন।জাকির হোসেন চৌধুরী বলেন, ‘নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে মঙ্গলবার উপজেলা চেয়ারম্যানদের কেউ সরকারি গাড়ি ব্যবহার করেননি। আমরা হেঁটে প্রচারণা চালিয়েছি।’বিএনপি-সমর্থিত ও সম্মিলিত নাগরিক জোটের মেয়র পদপ্রার্থী আরিফুল হকের সমর্থনে দিনভর দরগামহল্লা, রিকাবীবাজার, মেডিকেল রোড, কাজলশাহ, বাগবাড়ি এলাকায় একইভাবে গণসংযোগ করেন বিএনপি-জামায়াতে ইসলামী-সমর্থিত উপজেলা চেয়ারম্যানরা। তাঁদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, সিলেটের গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আবদুল হেকিম চৌধুরী প্রমুখ।‘সরকারি গাড়ি ব্যবহার করা হচ্ছে না’: এদিকে গতকাল তেলিহাওর এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয়ে ইশতেহার ঘোষণাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কামরান বলেন, ‘আমার পক্ষে কেউ সরকারি গাড়ি ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন না। যাঁরা এমন অভিযোগ করছেন, তা সত্য নয়। আমার পক্ষে সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী প্রচারণা চালাচ্ছেন। কিন্তু তিনি নির্বাচন শুরুর আগেই তাঁর সরকারি গাড়ি ব্যবহার ছেড়ে দিয়েছেন। এতেই প্রমাণ হয়, আমার পক্ষে যাঁরা আছেন, তাঁরা আইন মেনেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।’