১৪ জন সংসদ কলোনির বাসিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার আগারগাঁও ও তেজগাঁও এলাকায় থেকে গতকাল রোববার ইসলামী ছাত্র শিবিরের ২৩ সদস্যেকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাঁচটি ককটেল ও সরকারবিরোধী প্রচারপত্র, জিহাদি বই পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর ও তেজগাঁও থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ১৪ জন শিবির কর্মী সরকারি কর্মকর্তাদের বাসায় ভাড়া থাকছিলেন।আজ দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শেরেবাংলা নগর এলাকায় গ্রেপ্তার হওয়া ১৪ জন শিবির সদস্য জাতীয় সংসদ কলোনির তিনটি বাসায় ভাড়া থাকতেন। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুমিন জানান, শিবিরের এই ১৪ জন সদস্য আগারগাঁওয়ে সংসদ সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলামের ই-৪২ নম্বর কলোনির বাসায়, সহকারী সচিব আবুল কালাম আজাদের ই-৩৯ নম্বর বাসায় এবং জাতীয় সংসদের যুগ্ম সচিবের ব্যক্তিগত কর্মকর্তা আনোয়ার হোসেন বাসায় ভাড়া থাকতেন। বাকি নয়জনকে তেজগাঁওয়ের রেলওয়ে স্টেশন কলোনির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। ২৩ জনের প্রায় সবাই নিজেদের নির্দোষ দাবি করেছেন। এর মধ্যে আগারগাঁওয়ে গ্রেপ্তার হওয়া মাকসুদুল হক নিজের দৈনিক অপরাধকণ্ঠের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও আতিকুর রহমান নিজেদের দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি বলে দাবি করেন। তাঁরা বলেন, রাতে তাঁদের শোবার ঘর থেকে ধরে নিয়ে যাওয়া হয়। কোন ধারায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে—এ ব্যাপারে তাঁরা কিছুই জানেন না বলে দাবি করেন। এই দুজন ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে কোনভাবেই জড়িত নন বলে জানান। তথ্যপ্রমাণের ভিত্তিতেই এঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, এ মাসের ৫ ও ৬ তারিখ ঢাকাসহ সারাদেশে এবং গত ১০ নভেম্বর আগারগাঁওয়ে জামায়াত শিবিরের সদস্যরা হামলা ও ভাঙচুর করে। এসব ঘটনায় জড়িত সন্দেহে এঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এসব হামলার সঙ্গে নিজেদের জড়িত থাকার করা স্বীকার করেছেন। রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে এঁদের কাছ থেকে এ ব্যাপারে আরো তথ্য পাওয়া যাবে বলে দাবি করেন তিনি। মনিরুল ইসলামের ভাষ্য, গ্রেপ্তার হওয়া যুদ্ধাপরাধীদের অনেকের বিচার প্রক্রিয়া শেষ পর্যায়ে চলে এসেছে। এই বিচার কাজকে বাধাগ্রস্ত করতেই শিবিরের এই সদস্যরা এসব ঘটনা ঘটিয়েছে। ভবিষ্যতেও তাদের এধরনের হামলার পরিকল্পনা ছিল। তিনি আরো জানান, যেসব সরকারী কর্মকর্তার বাসায় গ্রেপ্তার হওয়া শিবির সদস্যরা ভাড়া থাকতেন, এ ব্যাপারে তদন্ত করা হবে। শিবিরের আদর্শিক কারণে এঁদের যদি ভাড়া দেওয়া হয়ে থাকে, তাহলে এসব কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।