১৪ দলের ঠিকুজি
নতুন কোনো দল নেই এবার। নবীনতম আয়ারল্যান্ডেরও এটি দ্বিতীয় বিশ্বকাপ। এবারের মহারণ শুরুর আগে ১৪ দলের বিশ্বকাপ ইতিহাস জেনে নেওয়াটা ভালো। জানাচ্ছেন আরিফুল ইসলামঅস্ট্রেলিয়াসর্বোচ্চ চারবার ও একমাত্র হ্যাটট্রিক চ্যাম্পিয়ন, ৯ আসরের ছয়বারই ফাইনাল খেলা, রেকর্ড টানা ২৯ ম্যাচ অপরাজিত, দলীয় ও ব্যক্তিগত রেকর্ডে নিরঙ্কুশ প্রাধান্য—বিশ্বকাপ কতটা অস্ট্রেলিয়ার, এটা প্রমাণে পরিসংখ্যানই যথেষ্ট। তার পরও যেন সব ফুটে উঠছে না। অস্ট্রেলিয়া কতটা দাপটে জিতেছে, শুধু পরিসংখ্যানের সাধ্য কোথায় সেটা তুলে ধরার! বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্টটি একতরফা করে ফেলেছে অস্ট্রেলিয়া। গত তিনটি বিশ্বকাপ ফাইনালের দিকেই তাকান না, ম্যাচ তো কার্যত শেষ প্রথম ইনিংসের পরই! শুধু ফাইনালই বা কেন, গত দুই বিশ্বকাপের ২২ ম্যাচের ২১টিতেই হেসেখেলে জিতেছে অস্ট্রেলিয়া, ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ২ উইকেটে জেতা ম্যাচটাতেই যা একটু লড়াই হয়েছে। এবার সম্ভাবনায় অনেকেই অস্ট্রেলিয়াকে ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার পরে রাখছেন। কিন্তু বিশ্বকাপের অস্ট্রেলিয়া কিন্তু অন্য রকম!১৯৭৫: রানার্সআপ১৯৭৯: গ্রুপ পর্ব১৯৮৩: গ্রুপ পর্ব১৯৮৭: চ্যাম্পিয়ন১৯৯২: গ্রুপ পর্ব১৯৯৬: রানার্সআপ১৯৯৯: চ্যাম্পিয়ন২০০৩: চ্যাম্পিয়ন২০০৭: চ্যাম্পিয়নওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ আর বিশ্ব ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ যুগের শুরু প্রায় হাত ধরাধরি করে। রোহান কানহাইয়ের কাছ থেকে অধিনায়কত্ব পাওয়ার পর ক্লাইভ লয়েড দলকে সিরিজ জেতালেন ভারতের মাটিতে। এর পরপরই প্রথম বিশ্বকাপ, এবার ফাইনালে অসাধারণ এক ইনিংস খেলে লয়েড জেতালেন শিরোপা। শুরু হলো ওয়েস্ট ইন্ডিজের জয়যাত্রা। তৃতীয় আসরে এসে বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরেছে তারা, ভাবা যায়! বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের আধিপত্যও শেষ হয় এই বিশ্বকাপেই। ফাইনালে ভারতের কাছে অপ্রত্যাশিত পরাজয়ের পর আর কখনো ফাইনালেই ওঠা হয়নি। সেমিফাইনালেই উঠেছিল একবার। কিন্তু তাদের হাতের মুঠোয় থাকা জয় ছিনিয়ে নেন শেন ওয়ার্ন ও অস্ট্রেলিয়া। পতনের ধারাবাহিকতায় এবারের বিশ্বকাপ খেলতে যাচ্ছে তারা র্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল হিসেবে!১৯৭৫: চ্যাম্পিয়ন১৯৭৯: চ্যাম্পিয়ন ১৯৮৩: রানার্সআপ ১৯৮৭: গ্রুপ পর্ব১৯৯২: গ্রুপ পর্ব১৯৯৬: সেমিফাইনাল১৯৯৯: গ্রুপ পর্ব২০০৩: গ্রুপ পর্ব২০০৭: সুপার এইটকেনিয়াবাংলাদেশের বিশ্বকাপ-স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে প্রথম বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল কেনিয়া। অভিষেকে শুধু বিশ্বকাপ নয়, ওয়ানডে ইতিহাসেরই সবচেয়ে বড় অঘটনগুলোর একটির জন্ম হয় তাদের হাতে। ১৬৬ রান করেও দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় ৭৩ রানে! শ্রীলঙ্কার ৩৯৮ রানের পাহাড়ের জবাব দেয় ২৫৪ রান তুলে। ২০০৩ বিশ্বকাপে ছাড়িয়ে যায় নিজেদের স্বপ্নকেও! টুর্নামেন্ট শুরুর আগে সেমিফাইনাল খেলার ‘দুঃসাহস’ নিশ্চয়ই তারা নিজেরাও দেখেনি। গ্রুপ পর্বে কানাডা, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে খেলে জয় আর নিউজিল্যান্ডের বিপক্ষে না খেলে জয় (কেনিয়া সফরে যায়নি নিউজিল্যান্ড) কেনিয়ানদের তুলে দেয় সুপার সিক্সে। ফরম্যাটের সুবিধায় সুপার সিক্সে একটি মাত্র জয় (জিম্বাবুয়ের বিপক্ষে) নিয়েও উঠে যায় শেষ চারে। স্বপ্নযাত্রা থামে সেমিতে ভারতের কাছে হেরে। গত বিশ্বকাপে বিদায় গ্রুপ পর্ব থেকেই। তার পরও কেনিয়া বিশ্বকাপে সব সময়ই ‘বিপজ্জনক দল’।১৯৯৬: গ্রুপ পর্ব ১৯৯৯: গ্রুপ পর্ব২০০৩: সেমিফাইনাল ২০০৭: গ্রুপ পর্বপাকিস্তানপাকিস্তান ক্রিকেটের চিরকালীন অনিশ্চয়তার ছাপ পড়েছে বিশ্বকাপেও। প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে খেলা হয়নি শেষ জুটির ৬৪ রানে ওয়েস্ট ইন্ডিজ তাদের হারিয়ে দেওয়ায়। পরের দুটো বিশ্বকাপে সেমিফাইনালে বাধা হয়ে দাঁড়ায় এই ওয়েস্ট ইন্ডিজই। অবশেষে ১৯৮৭ বিশ্বকাপে দেশের মাটিতে শেষ চারে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই। কিন্তু ফেবারিট হয়েও হার অস্ট্রেলিয়ার কাছে। এই পাকিস্তানই ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটে হেরে শুরু করল ১৯৯২ বিশ্বকাপ, ইংল্যান্ডের বিপক্ষে গুটিয়ে গেল ৭৪ রানে। খাদের কিনারায় চলে যাওয়া দলটিই সবাইকে চমকে দিয়ে শিরোপা জিতে নিল টানা ৫ ম্যাচ জিতে! এক বিশ্বকাপ পরই আবার তারা গিয়েছিল শিরোপার খুব কাছাকাছি। অনেকের মতেই বিশ্বকাপ ইতিহাসে পাকিস্তানের সেরা দল ছিল ১৯৯৯ বিশ্বকাপে। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারে যাচ্ছেতাইভাবে। চরম ব্যর্থ পরের দুটো বিশ্বকাপেও। এবারও কেউ তাদের হিসাবে ধরছে না। কিন্তু জ্বলে ওঠার জন্য যে এসব সময়কেই বেছে নেয় পাকিস্তানিরা! ১৯৭৫: গ্রুপ পর্ব ১৯৭৯: সেমিফাইনাল ১৯৮৩: সেমিফাইনাল ১৯৮৭: সেমিফাইনাল১৯৯২: চ্যাম্পিয়ন১৯৯৬: কোয়ার্টার ফাইনাল১৯৯৯: রানার্সআপ২০০৩: গ্রুপ পর্ব২০০৭: গ্রুপ পর্বনিউজিল্যান্ডস্টিভেন ফ্লেমিংয়ের কথাটাই মনে হয় সত্যি। গত বিশ্বকাপের পর সেই সময়ের নিউজিল্যান্ড অধিনায়ক বলেছিলেন, ‘আমাদের যে দেশ, যে প্রতিভা আর যে সামর্থ্য, হয়তো সেমিফাইনাল পর্যন্ত আসাই আমাদের নিয়তি।’ বিশ্বকাপের নিউজিল্যান্ডের দিকে তাকালে বোঝা যাবে, ফ্লেমিংয়ের এই কথা কতটা সত্যি। পাঁচ-পাঁচবার সেমিফাইনাল খেলেও ফাইনালের চেহারা দেখা হয়নি কখনো। নিউজিল্যান্ডের নামই হয়ে গেছে ‘সেমিফাইনালের দল।’ সবচেয়ে বড় দুঃখটা হয়তো ১৯৯২ বিশ্বকাপ। মার্টিন ক্রোর ব্যাটিং ও উদ্ভাবনী নেতৃত্ব মিলিয়ে মনে হচ্ছিল অপ্রতিরোধ্য। কিন্তু পাকিস্তানের অনিশ্চিত সত্তা হঠাৎ জেগে ওঠার বলি হতে হয় কিউইদের। সাম্প্রতিক ফর্মের যা অবস্থা তাতে অবশ্য যারপরনাই সন্তুষ্ট থাকবে এবার সেমিফাইনালে উঠলেও।১৯৭৫: সেমিফাইনাল১৯৭৯: সেমিফাইনাল১৯৮৩: গ্রুপ পর্ব১৯৮৭: গ্রুপ পর্ব১৯৯২: সেমিফাইনাল১৯৯৬: কোয়ার্টার ফাইনাল১৯৯৯: সেমিফাইনাল২০০৩: সুপার সিক্স২০০৭: সেমিফাইনালকানাডাকানাডা যখন প্রথম বিশ্বকাপ খেলল, বাংলাদেশ-জিম্বাবুয়ের জন্য সে সময় সেটা ছিল স্বপ্ন। তিন ম্যাচে গোহারা হেরে এবং সবচেয়ে কম রানে (৪৫) অলআউট হওয়ায় রেকর্ড গড়ে বিশ্বকাপ অভিষেকটা সুখকর হয়নি কানাডার। দ্বিতীয় বিশ্বকাপ খেলার জন্য কানাডাকে অপেক্ষা করতে হয় ২৪ বছর। সেবারও সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জা পেতে হয়। নিজেদের রেকর্ড ভেঙে শ্রীলঙ্কার বিপক্ষে তারা করে ৩৬! তবে শুধু লজ্জা পাওয়ার নয়, এই বিশ্বকাপে লজ্জা দিয়েছেও তারা। বাংলাদেশকে হারিয়েছে ৬০ রানে। কানাডাকে গর্ব করার মতো আরেকটি স্মরণীয় মুহূর্ত এনে দিয়েছিলেন ওপেনার জন ডেভিসন, বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গত বিশ্বকাপেও ছিল তারা, তবে পুনরাবৃত্তি হয়নি সেই সাফল্যের। সম্ভাবনা কম এবারও।১৯৭৯: গ্রুপ পর্ব২০০৩: গ্রুপ পর্ব ২০০৭: গ্রুপ পর্বদক্ষিণ আফ্রিকাশুরুতে তাদের জন্য ছিল সবার সহানুভূতি, ‘বেচারাদের ভাগ্যটাই খারাপ।’ ২২ বছরের নির্বাসন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই চমকে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা, দুর্দান্ত খেলেছিল ১৯৯২ বিশ্বকাপে। কিন্তু ১৩ বলে ২২ রান যদি হয়ে যায় ১ বলে ২২ (ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে), তাহলে কী আর করার থাকে? কেনই বা টুর্নামেন্ট জুড়ে নিশ্চুপ থাকা ব্রায়ান লারার ব্যাট বিধ্বংসী হয়ে উঠবে তাদের বিপক্ষে (১৯৯৬ সালে, কোয়ার্টার ফাইনালে)! কিন্তু ১৯৯৯ সেমিফাইনালের সেই অবাক করা টাই কিংবা ২০০৩-এ হিসাবে গোলমাল—সব মিলিয়ে তাদের গায়ে লেগে যায় ‘চোকার’ ছাপ। গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে যাওয়ার অদ্ভুত সব কায়দা বের করে ফেলে তারা! পাঁচ বিশ্বকাপের তিনটিতে সেমিফাইনাল খেলেছে তারা, জয়ের হারে ওপরে আছে কেবল অস্ট্রেলিয়া। অথচ কখনো ফাইনাল খেলাও হয়নি প্রোটিয়াদের। এবারও অন্যতম ফেবারিট তারা। যথারীতি তাই আগ্রহও আছে, এবারও কি নতুন কোনো উপায়ে ছিটকে পড়বে, নাকি লেখাবে নতুন ইতিহাস!১৯৯২: সেমিফাইনাল১৯৯৬: কোয়ার্টার ফাইনাল১৯৯৯: সেমিফাইনাল২০০৩: গ্রুপ পর্ব২০০৭: সেমিফাইনালবাংলাদেশ‘শিকারি ও শিকার’—বিশ্বকাপের বাংলাদেশ এক কথায় এই। বড়-দল শিকারি আর ছোট দলের প্রিয় শিকার। অনেক বছরের প্রতীক্ষার পর অভিষেক হলো ১৯৯৯ বিশ্বকাপে। লক্ষ্য ছিল শুধু স্কটল্যান্ডকে হারানো, প্রত্যাশাকে ছাড়িয়ে বাংলাদেশ হারিয়ে দিল পাকিস্তানকেও! সেই বাংলাদেশ উল্টো চেহারায় পরের বিশ্বকাপে। বড় দলগুলোর কাছে যাচ্ছেতাইভাবে হারার পাশাপাশি লজ্জাজনকভাবে হারল কানাডা-কেনিয়ার কাছেও। ২০০৭ বিশ্বকাপের বাংলাদেশ আগের দুই বিশ্বকাপের মিশ্রণ। ভারত, বারমুডাকে হারিয়ে প্রথমবারের মতো গ্রুপ পর্বের গন্ডি ছাড়ানো, সুপার এইটেও র্যাঙ্কিং শীর্ষ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বপ্নের জয়, পাশাপাশি আয়ারল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হার। এবার সম্ভাবনা অনেক, স্বপ্নের পরিধি অনেক বড়। বাংলাদেশ কি পারবে এবার শুধুই ‘শিকারি’ হতে? ১৯৯৯: গ্রুপ পর্ব২০০৩: গ্রুপ পর্ব২০০৭: সুপার এইটশ্রীলঙ্কাটেস্ট দল না হয়েও প্রথম দুটি বিশ্বকাপ খেলার সুযোগ হয়েছিল শ্রীলঙ্কার, দ্বীপদেশটির পদচিহ্ন পড়েছে তাই প্রতিটি বিশ্বকাপেই। ‘রোল অব অনার’ দেখলে মনে হবে প্রথম পাঁচটি বিশ্বকাপজুড়ে তাদের কাজ ছিল স্রেফ শোভা বাড়ানো। আদতে খবরের শিরোনামও হয়েছে মাঝে মাঝে, ১৯৭৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে, ১৯৮৩-তে নিউজিল্যান্ডকে। তবে দৈত্যবধের অভ্যাস থাকলেও গায়ে ‘মিনোজ’ ছাপটা ছিলই। এই ছোটরাই আচমকা সবার বড় হয়ে ওঠে ১৯৯৬-তে। টুর্নামেন্ট শুরুর সময় হিসাবের মধ্যে না থাকলেও শেষ পর্যন্ত জিতে নেয় শিরোপা। ওই বিশ্বকাপের শ্রীলঙ্কা বিস্ময় হয়ে এসেছিল অনেকের জন্যই। তবে টুর্নামেন্ট জুড়ে পারফরম্যান্সে প্রমাণ করেছিল বিশ্বকাপের সেরা দল তারাই। সর্বশেষ বিশ্বকাপেও সেমিফাইনাল ও ফাইনাল খেলেছে তারা। প্রথম পাঁচ বিশ্বকাপে মাত্র চারটি ম্যাচ জয়ী দল পরের চার আসরে জিতেছে ২১টি ম্যাচ! ঘরের মাটিতে বিশ্বকাপে লঙ্কানরা এবারও অন্যতম ফেবারিট।১৯৭৫: গ্রুপ পর্ব ১৯৭৯: গ্রুপ পর্ব১৯৮৩: গ্রুপ পর্ব১৯৮৭: গ্রুপ পর্ব১৯৯২: গ্রুপ পর্ব ১৯৯৬: চ্যাম্পিয়ন১৯৯৯: গ্রুপ পর্ব২০০৩: সেমিফাইনাল২০০৭: রানার্সআপজিম্বাবুয়েএমন একটা গর্ব আছে জিম্বাবুয়ের, যা নেই অনেক দলেরই, বিশ্বকাপে প্রথম ম্যাচে জয়! আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হিসেবে ১৯৮৩ বিশ্বকাপ খেলতে গিয়েছিল জিম্বাবুয়ে। ডানকান ফ্লেচারের অলরাউন্ড নৈপুণ্যে (৬৯, ৪/৪২) প্রথম ম্যাচে হারিয়ে দিল টুর্নামেন্টের অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়াকে! গ্রুপ পর্ব অবশ্য পেরোতে পারেনি, পারেনি পরের তিনটি বিশ্বকাপেও। জিম্বাবুয়ের সেরা বিশ্বকাপ নিঃসন্দেহে ১৯৯৯। কেনিয়ার পাশাপাশি ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সুপার সিক্সে ওঠে তারা। সুপার সিক্সে উঠেছিল পরের বিশ্বকাপেও, কিন্তু এবার বড় দলগুলোর মধ্যে জয় ছিল কেবল ইংল্যান্ডের বিপক্ষে। সুপার সিক্সে কখনো কোনো ম্যাচ জেতা হয়নি, গত বিশ্বকাপে বাদ গ্রুপ পর্ব থেকেই। এবারও সম্ভাবনা এমন কিছুরই।১৯৮৩: গ্রুপ পর্ব১৯৮৭: গ্রুপ পর্ব১৯৯২: গ্রুপ পর্ব১৯৯৬: গ্রুপ পর্ব ১৯৯৯: সুপার সিক্স২০০৩: সুপার সিক্স২০০৭: গ্রুপ পর্ব ভারতওয়ানডে ক্রিকেটের প্রতি একসময় ভারতের দৃষ্টিভঙ্গি কী ছিল, তা পরিষ্কার বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ থেকেই। ইংল্যান্ডের ৩৩৪ রানের জবাবে পুরো ৬০ ওভার খেলে মাত্র ২ উইকেট হারিয়েও রান ১৩২! ওই বিশ্বকাপ তো বটেই, পরের বিশ্বকাপ থেকেও বিদায় প্রথম রাউন্ডে। ১৯৮৩ বিশ্বকাপটা এ কারণেই আরও বড় বিস্ময় হয়ে এসেছিল। আগের দুই বিশ্বকাপ মিলিয়ে মাত্র একটি ম্যাচে জেতা দলটিই তৃতীয় আসরের চ্যাম্পিয়ন! ওয়ানডে ক্রিকেটের মোড়ও ঘুরে গেল। শতকোটি মানুষের দেশে খেলাটির জনপ্রিয়তা এক লাফে কয়েক গুণ বেড়ে যায়। আসতে থাকে অর্থও। আজ এই যে খেলাটাকে ঘিরে রমারমা বাণিজ্য, অর্থের ছড়াছড়ি—এক দিক থেকে সবকিছুতেই ভারতের বিশ্বকাপ জয়ের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান। এরপর ভারত শিরোপার সবচেয়ে কাছাকাছি গিয়েছিল ২০০৩ বিশ্বকাপে। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়া স্রেফ উড়িয়ে দেয় তাদের।১৯৭৫: গ্রুপ পর্ব ১৯৭৯: গ্রুপ পর্ব ১৯৮৩: চ্যাম্পিয়ন১৯৮৭: সেমিফাইনাল১৯৯২: গ্রুপ পর্ব১৯৯৬: সেমিফাইনাল১৯৯৯: সুপার সিক্স২০০৩: রানার্সআপ ২০০৭: গ্রুপ পর্বইংল্যান্ডবিশ্বকাপ যেন ইংল্যান্ডের কাছে অমোঘ এক রহস্য। ওয়ানডের জন্মই হলো তাদের হাত ধরে, বিশ্বকাপের প্রথম ম্যাচও খেলেছে ইংল্যান্ড। কিন্তু ওয়ানডের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটা ছোঁয়া এখনো হয়নি। অথচ প্রথম পাঁচ বিশ্বকাপেই সেমিফাইনালের একটি দলের নাম ছিল ইংল্যান্ড। এই পাঁচবারের তিনবার আবার গিয়েছিল ফাইনালেও। ১৯৭৯ সালে ভিভ রিচার্ডসের অসাধারণ সেঞ্চুরি, ১৯৮৭ সালে মাইক গ্যাটিংয়ে, আত্মঘাতী রিভার্স সুইপ আর ১৯৯২-এ ওয়াসিম আকরামের দুটি বল শেষ করে দিয়েছে তাদের স্বপ্ন। শিরোপার স্বাদ তাই পাওয়া হয়নি, বরং সঙ্গী হয়েছে তিনবার ফাইনালে হারা একমাত্র দলের অনাকাঙ্ক্ষিত রেকর্ড। গত চারবার তো সেমিফাইনালেই উঠতে পারেনি। তবে বছর দুয়েক ধরেই ইংলিশ ক্রিকেটে জোয়ার এসেছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে পেয়েছে প্রথম বৈশ্বিক শিরোপার স্বাদ। এবার কি তবে ঘুচবে বিশ্বকাপ অপূর্ণতাও? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ১৯৭৫: সেমিফাইনাল১৯৭৯: রানার্সআপ ১৯৮৩: সেমিফাইনাল১৯৮৭: রানার্সআপ১৯৯২: রানার্সআপ১৯৯৬: কোয়ার্টার ফাইনাল১৯৯৯: গ্রুপ পর্ব২০০৩: গ্রুপ পর্ব২০০৭: সুপার এইটহল্যান্ড১৯৯৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেই হল্যান্ড চমকে দিয়েছিল অনেককে। তবে কোনো চমক দিতে পারেনি বিশ্বকাপে। প্রতিরোধ গড়তে পারেনি বড় দলগুলোর বিপক্ষে। এমনকি হেরে যায় সমমানের দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও। গত দুই বিশ্বকাপেও খেলেছে ডাচরা, উপহার দিতে পারেনি কোনো বিস্ময়। বরং গত বিশ্বকাপে তাদের বিপক্ষেই ওভারে ছয় ছক্কা মেরেছিলেন হার্শেল গিবস। তবে গত দুই বিশ্বকাপে দুটি জয় তারা পেয়েছে—২০০৩ সালে নামিবিয়ার বিপক্ষে, স্কটল্যান্ডের বিপক্ষে গত বিশ্বকাপে। এবারের দলটাকে মনে করা হচ্ছে বিশ্বকাপে হল্যান্ডের সেরা দল। তার পরও অবশ্য চমকের সম্ভাবনা খুব একটা নেই।১৯৯৬: গ্রুপ পর্ব২০০৩: গ্রুপ পর্ব ২০০৭: গ্রুপ পর্বআয়ারল্যান্ডআইসিসি ট্রফিতে বরাবরই সমীহ জাগানো দল, তবে বিশ্বকাপ অভিষেকের জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘদিন। প্রতীক্ষাটা এত দীর্ঘ ছিল বলেই কিনা, বিশ্বকাপ অভিষেকেই যেন সব অপূর্ণতা ঘুচিয়ে দিতে চাইল আইরিশরা। জিম্বাবুয়ের বিপক্ষে হারের দোরগোড়ায় থেকে শ্বাসরুদ্ধকর এক টাই দিয়ে বিশ্বকাপ অভিষেক, পরের মাচে পাকিস্তানকে হারিয়ে উঠে গেল সুপার এইটে! স্মরণীয় মুহূর্ত এল এখানেও। জোর লড়াই হলো প্রতিবেশী ইংল্যান্ডের বিপক্ষে, বধ হলো বাংলাদেশ। ২০০৭: সুপার এইট