১৪ দলের শরিকেরা হতাশ, খুশি-অখুশি কোনোটাই নয় জাপা
মানবতাবিরোধী অপরাধী গোলাম আযমের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) না হওয়ায় হতাশা জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিকেরা। তবে মহাজোট সরকারের শরিক জাতীয় পার্টি বলেছে, আদালতের রায়ের প্রতি তারা শ্রদ্ধাশীল। তাই এ নিয়ে খুশি বা অখুশি হওয়ার কিছু নেই। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গতকাল মঙ্গলবার সংসদে বলেছেন, মানবতাবিরোধী অপরাধীর জন্য ‘মানবতা’ দেখানোর নজির নেই। এই রায় শুনে তিনি হোঁচট খেয়েছেন। রাশেদ খান মেনন বলেন, গোলাম আযমকে ৯০ বছর কারাদণ্ড দেওয়ায় দেশের মানুষের কাছে তা নিয়ে প্রশ্ন উঠছে। রায়ের বিরুদ্ধে সরকারকে আপিল করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু আমরা হোঁচট খেলাম। দেশের মানুষের মনে প্রশ্নের সৃষ্টি হচ্ছে।’অধিবেশনের শুরুতে ফ্লোর নিয়ে রাশেদ খান মেনন গোলাম আযমের রায়ের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘যাঁর নেতৃত্বে একাত্তরে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ হয়েছিল, তাঁকে মানবতা দেখালাম। বয়স বিবেচনা করে তাঁর সাজা কমিয়ে এনে ৯০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এমন কোনো নজির আছে কি না, জানা নেই। একাত্তরে তাঁরা যখন যুদ্ধাপরাধ করেছিলেন, তখন শিশু ও অন্যদের বয়স বিবেচনায় আনেননি।’ ওযার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘সরকার বলেছে, এ রায়ে সন্তুষ্ট। আমরা হতাশা ব্যক্ত করছি। আমরা জানি, আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম সংঘটিত হচ্ছে। এই সংসদ থেকেই বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়। আশা করছি, সরকার রায়ের বিরুদ্ধে আপিল করবে।’মহাজোটের আরেক শরিক জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, জাতীয় পার্টি সব সময় আদালতের প্রতি শ্রদ্ধাশীল। এই আদালত নিরপেক্ষ বিচার করবেন, সেই আস্থা জাতীয় পার্টির আছে। তিনি বলেন, ‘গোলাম আযমের যে রায় হয়েছে, আমরা মনে করি, আদালত সব দিক ও তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে রায় দিয়েছেন। মানবতাবিরোধী অপরাধের বিচার প্রমাণ করছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়।’ তিনি বলেন, আদালত রায় দিয়েছেন। তা নিয়ে জাতীয় পার্টির খুশি বা অখুশি হওয়ার কিছু নেই। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া যৌথ বিবৃতিতে বলেছেন, রায়ে জাসদ সন্তুষ্ট নয়। জনগণের প্রত্যাশা অনুযায়ী রায় হয়নি। এই রায়ে তাঁরা হতাশ হয়েছেন। বিবৃতিতে বলা হয়, সরকারের অবশ্যই আপিল করা উচিত। শুধু বয়স বিবেচনায় এ ধরনের একজন অপরাধীকে লঘুদণ্ড দেওয়া উচিত হয়নি।