১৪ দিন জিজ্ঞাসাবাদ করা হবে মোশাররফকে
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে ১৪ দিনের বিচারিক হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ শনিবার রাজধানী ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালতে তাঁকে হাজির করার পর বিচারক কাওসার আব্বাস জায়েদি এ নির্দেশ দেন। মোশাররফকে ৪ মে এই আদালতে আবার হাজির করার নির্দেশ দেওয়া হয়। রয়টার্স ও ডন অনলাইনের খবরে এ কথা জানানো হয়।এর আগে আজ সকালে কড়া নিরাপত্তায় পারভেজ মোশাররফকে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করা হয়। শুনানি নিয়ে আদালত তাঁকে ১৪ দিনের বিচারিক হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।গতকাল শুক্রবার সকালে পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফকে গ্রেপ্তার করা হয়। আদালতে নেওয়া হলে তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর হয় এবং এই সময়ের মধ্যে তাঁকে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করার নির্দেশ দেন আদালত। পাকিস্তানে কোনো সাবেক সেনাপ্রধানকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ঘটনা এটাই প্রথম।মোশাররফের শাসনকালে ২০০৭ সালে দেশের শীর্ষস্থানীয় বিচারকদের বন্দী করা হয়। এ ঘটনায় করা মামলায় গত বৃহস্পতিবার জামিন নিতে আদালতে হাজির হন তিনি। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করলে ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের নিয়ে দ্রুত আদালত চত্বর ছেড়ে যান মোশাররফ। এরপর সাবেক এই সেনাশাসককে তাঁর খামারবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।