‘বৃষ্টি নামলে টিন দিয়ে পানি পড়ে, স্যাঁতসেঁতে নোংরা পরিবেশ, পানি নেই, রোগীদের বসার জায়গা নেই, নেশাখোরেরা যার যখন খুশি হাসপাতাল চত্বরে এসে নেশা করছে, এলাকাবাসী গরু-ছাগল চড়াচ্ছে, যার যা ইচ্ছা তা-ই করছে, ক্লিনিক এখন নিজেই রোগী হয়ে পড়েছে, আগে তার চিকিৎসা দরকার।’ কথাগুলো বলেন নাম প্রকাশে অনিচ্ছুক কুষ্টিয়া বক্ষব্যাধি ক্লিনিকের এক কর্মচারী।২৫ এপ্রিল সরেজমিনে দেখা যায়, বক্ষব্যাধি ক্লিনিকে স্যাঁতসেঁতে পরিবেশে প্যাথলজির কাজ করা হচ্ছে। ক্লিনিক সূত্রে জানা যায়, ১৯৬১ সালে টিন দিয়ে ক্লিনিকের ভবনটি তৈরি করা হয়। বর্তমানে সামান্য বৃষ্টিতেই টিন দিয়ে পানি ঢুকে প্রতিটি কক্ষ ভিজে যায়। ক্লিনিকে দুজন চিকিৎসক থাকলেও এখানে কোনো ফার্মাসিস্ট নেই। ১৯৯৬ সাল থেকে এখানে এক্স-রে মেশিন নষ্ট। পরে আরেকটি মেশিন আনলে সেটি চালু করতেই নষ্ট হয়ে যায়। ফলে রোগীদের এক্স-রের কাজ বাইরে থেকে করতে হয়ে। এ ছাড়া ক্লিনিকে কোনো নৈশপ্রহরী নেই।