১৪ বছর পর স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানের প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎপাদন অংশীদারি চুক্তির (পিএসসি) অধীনে দেশের স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানের নতুন প্রক্রিয়া শুরু করেছে সরকার। ‘বিডিং রাউন্ড ২০১১’ নামের এই প্রক্রিয়ার কর্মপরিকল্পনা এবং পিএসসির খসড়া তৈরি করা হয়েছে। নতুন এই পিএসসিতে গ্যাস রপ্তানির কোনো বিধান রাখা হচ্ছে না।সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, ১৯৯৬ সালে অনুষ্ঠিত চতুর্থ দফা বিডিং রাউন্ডের প্রায় ১৪ বছর পর এই বিডিং রাউন্ড ২০১১-এর উদ্যোগ নেওয়া হলো। এ বিলম্বের ফলে দেশে তেল-গ্যাস অনুসন্ধান এবং জ্বালানি নিরাপত্তা পরিকল্পনা করা দারুণভাবে বিঘ্নিত হয়েছে। কাল বুধবার বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের সভা ডাকা হয়েছে।জানতে চাইলে জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমরা কাজটি (বিড আহ্বান) শুরু করব।’বন্ধ ছিল কেন: ২০০১ সালে কয়েক ব্যক্তির একটি আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট দেশের স্থলভাগে পিএসসির অধীনে তেল-গ্যাস অনুসন্ধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। আবার এই কাজে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানিরও (বাপেক্স) আর্থিক ও কারিগরি সামর্থ্যে ঘাটতি ছিল। ফলে দীর্ঘদিন স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধান বন্ধ ছিল।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর হাইকোর্টের ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করে। গত বছরের জানুয়ারি মাসে হাইকোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর নতুন করে পিএসসির অধীনে তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়।বাপেক্সের কার্যক্রম: ইতিমধ্যে বাপেক্স সরকারি কোম্পানিগুলোর মালিকানাধীন পাঁচটি বিদ্যমান গ্যাসক্ষেত্রে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের (থ্রিডি সাইসমিক সার্ভে) কাজ শুরু করেছে। এর মধ্যে রশীদপুর ক্ষেত্রে মাঠপর্যায়ের কাজ শেষ হয়েছে। কৈলাসটিলার কাজও শেষ পর্যায়ে। এরপর বাপেক্সের থ্রিডি সার্ভে দল কাজ শুরু করবে সিলেটের হরিপুর ক্ষেত্রে। আসন্ন বর্ষা মৌসুমের আগেই তারা হরিপুরের মাঠপর্যায়ের কাজও শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে।এ ছাড়া বাপেক্স অনেক বিদ্যমান কূপে সংস্কার (ওয়ার্কওভার), কয়েকটি অনুসন্ধান কূপ এবং আরও কয়েকটি উন্নয়ন কূপ খননের কর্মসূচি বাস্তবায়ন করছে।সম্ভাবনা অনেক: দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরিচালিত একাধিক ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, দেশের স্থলভাগ এখনো গ্যাস পাওয়ার জন্য যথেষ্ট সম্ভাবনাময়। অনেক সম্ভাবনাময় এলাকায় এখন পর্যন্ত তেল-গ্যাস খুঁজেই দেখা হয়নি। তবে কোনো কোনো বিশেষজ্ঞের ধারণা, দেশের স্থলভাগে ছোট ছোট কিছু ক্ষেত্র থাকলেও আর কোনো বড় গ্যাসক্ষেত্র পাওয়ার সম্ভাবনা কম।কিন্তু প্রকৃত অবস্থা কী, তা জানা এবং সে অনুযায়ী দেশের জ্বালানি নিরাপত্তা পরিকল্পনা করার জন্য অনুসন্ধান করা দরকার বলে সরকার মনে করে। বিশেষজ্ঞদেরও এ ব্যাপারে দ্বিমত নেই।মডেল পিএসসি ২০০৮: বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রণীত ‘মডেল পিএসসি ২০০৮’-এর অধীনে সমুদ্রবক্ষে তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়। তার ধারাবাহিকতায় বর্তমান সরকারের সময় সমুদ্রবক্ষের তিনটি ক্ষেত্রে অনুসন্ধানের জন্য দুটি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াধীন। এর মধ্যে আমেরিকান কনোকো ফিলিপসের সঙ্গে পিএসসি স্বাক্ষরের বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইনি অনুমোদন (ভেটিং) পাওয়ার পর কয়েক দিন আগে পেট্রোবাংলা তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। এর পাশাপাশি স্থলভাগেও অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হলো।