ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ছয়খাদা গ্রামবাসী ১৪ বছর আগে প্রতিষ্ঠা করেছে ছয়খাদা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু সরকারের পরিবর্তিত নীতিমালার মারপ্যাঁচে পড়ে আজও বিদ্যালয়টি অনুমোদন পায়নি। ফলে বিদ্যালয়টি বন্ধ হওয়ার উপক্রম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী একলাচুর রহমান বলেন, ‘১৪টি বছর পারিশ্রমিক ছাড়াই পাঠ দান করে যাচ্ছি। কিন্তু এভাবে আর কত দিন পারব, জানি না। নিয়মানুযায়ী আমরা স্কুলের জন্য জমি রেজিস্ট্রি করে দিয়ে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জানিয়েছি। কিন্তু পরে পরিবর্তিত নিয়মে স্কুল পরিচালনা কমিটির সদস্যসচিব বরাবর জমি রেজিস্ট্রির কথা বলা হয়েছে। আর এ কারণে স্কুলের অনুমোদন দেওয়া হচ্ছে না। এ ছাড়া একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে সরকারের যেসব শর্ত পূরণ করতে হয়, এ স্কুলের ক্ষেত্রে সবগুলো পূরণ করা হয়েছে।’ ছয়খাদা গ্রামবাসী সূত্রে জানা যায়, এ গ্রামের লোকসংখ্যা প্রায় দুই হাজার ৫০০। স্কুলগামী শিশুর সংখ্যা দুই শতাধিক। এ গ্রামের উত্তরে আছে দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণে সাবদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্বে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পশ্চিমে সুয়াদি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়গুলো গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। গ্রামের শিশুরা এসব স্কুলে আগে পড়ালেখা করত। গ্রামের বাসিন্দা আবদুল ওহাব বলেন, ‘গ্রামের ছোট শিশুদের কষ্টের কথা চিন্তা করে ১৯৯৫ সালে একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিই। ওই বছরই স্কুলের জন্য ৩৪ শতক জমি দান করা হয়। গ্রামের রেবাউল হক বিশ্বাস ও সিরাজুল হক বিশ্বাসের দান করা জমিতে বাঁশের খুঁটি দিয়ে স্কুল বানানো হয়। নিয়মানুযায়ী শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ১৯৯৫ সালের ২৩ ফেব্রুয়ারি ওই জমি রেজিস্ট্রি করা হয়। জমি দান, স্কুলঘর নির্মাণ শেষে চারজন শিক্ষক নিয়োগ করা হয়। এরপর ১৯৯৬ সালের জানুয়ারি থেকে শুরু হয় শিশুদের পাঠদান। সেই থেকে স্কুলে পাঠদান অব্যাহত রয়েছে।’ স্কুল কমিটির সভাপতি রেবাউল হক বিশ্বাস বলেন, ‘দুই বছর স্কুল পরিচালনার পর আমরা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করি। সে সময় জানতে পারি, ১৯৯৬ সালের শেষ দিকে সরকার প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার নীতিমালায় জমি রেজিস্ট্রি মহাপরিচালকের পরিবর্তে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসচিব বরাবর করার নিয়ম করেছে। কিন্তু আমরা এক বছর আগেই আগের নিয়মে স্কুলের জায়গা রেজিস্ট্রি করে দিয়েছি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাও ইতিমধ্যে সব শর্ত পূরণ হয়েছে বলে শিক্ষা অধিদপ্তরকে অবহিত করেছেন। এর পরও শুধু জমির সমস্যা সামনে হাজির করে স্কুলটির রেজিস্ট্রি অনুমোদন দেওয়া হচ্ছে না।’ এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক বলেন, ‘জমি নিয়ে জটিলতায় স্কুলটি অনুমোদন পায়নি। তবে ওই গ্রামে একটি স্কুল জরুরি। এ ব্যাপারে আমাদের দপ্তর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল আমিন বলেন, ‘ওই গ্রামে একটি প্রাথমিক স্কুল প্রয়োজন। সদস্যসচিব বরাবর জমি রেজিস্ট্রি করে দেওয়ার নিয়ম থাকলেও ওই স্কুলের রেজিস্ট্রির ব্যাপারটি দেখব।’বিদ্যালয় ভবনের দৈন্যদশা: বিদ্যালয়ে শিক্ষার্থী আছে ১৫৬ জন আর শিক্ষক চারজন। গ্রামের স্কুল হিসেবে পড়ালেখার মানও ভালো। কিন্তু নেই বসার জায়গা। এক যুগ আগে প্রতিষ্ঠিত চাটাইয়ের বেড়া নষ্ট হয়ে গেছে। সামান্য কয়টি বেঞ্চে বসে চলছে পাঠদান। একটু বৃষ্টি হলেই স্কুল ছুটি দিয়ে দিতে হয়। এই অবস্থায় চলছে ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। সরেজমিনে দেখা যায়, প্রধান শিক্ষক সাজেদা খাতুন বিদ্যালয়ে নেই। দাপ্তরিক কাজে তিনি উপজেলা শিক্ষা অফিসে গেছেন। স্কুলে উপস্থিত আছেন শিক্ষক শাহনাজ পারভিন, লিপিকা খাতুন ও রাবেয়া খাতুন। তাঁদের সঙ্গে আলাপ করে জানা যায়, মাধবপুর, গান্নার (আংশিক) ও চাঁন্দের পোল (আংশিক) গ্রামের শিশুদের পড়ালেখা করার মতো কোনো প্রাথমিক বিদ্যালয় ছিল না। এলাকার শিশুদের কল্যাণে মাধবপুর গ্রামের শিক্ষানুরাগীরা ১৯৯৮ সালে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি গৌতম বিশ্বাস জানান, স্কুলটি প্রতিষ্ঠার সময় গ্রামের মানুষ জমি দান করেছে। এরপর নিজেরা বাঁশ দিয়ে চার রুমের একটি স্কুল বানান। সেখানে শুরু হয় মাধবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। দুই বছর পর স্কুলটি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয়। কিন্তু নানা কারণে রেজিস্ট্রেশন দেওয়া হয়নি। শেষে ২০০৬ সালে স্কুলটি রেজিস্ট্রেশন পায়। কিন্তু আজ পর্যন্ত স্কুলের অবকাঠামোর উন্নয়ন হয়নি। শিক্ষক শাহনাজ পারভিন জানান, এ বছর পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ১৭ জন অংশ নিয়ে ১৫ জন পাস করেছে। এর মধ্যে একজন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। শুধু অবকাঠামো উন্নয়ন না হওয়ায় তাঁরা পিছিয়ে পড়ছেন। শিক্ষার মান ভালো হওয়ার পরও বসার জায়গা না দিতে পারায় অনেক শিক্ষার্থী অন্য স্কুলে চলে যাচ্ছে।