১৪ মাস পর সই করা বিধিবহির্ভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় দিয়েছেন ১৪ মাস আগে। প্রধান বিচারপতির পদ থেকে অবসরে যাওয়া খায়রুল হকের এই রায়ে সই দেওয়া আদালতের বিধিবহির্ভূত কাজ। তাই এ রায় প্রশ্নবিদ্ধ হয়েছে। খন্দকার মাহবুব হোসেন আজ মঙ্গলবার দুপুরে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে ১৮-দলীয় ঐক্যজোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়েছে। কিন্তু আগামী দুটি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে—এমন মতামতও দেওয়া হয়েছে। আমরা সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি ও ১৮-দলীয় জোট নির্বাচনে অংশ নেবে না।’ সরকার জনমত উপেক্ষা করে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে থাকতে চাইলে এর পরিণাম শুভ হবে না বলে খন্দকার মাহবুব হোসেন সতর্ক করে দেন। সংসদ বহাল রেখে জাতীয় নির্বাচন অনুষ্ঠান গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি হবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘সেটা আমরা মেনে নেব না, জনগণও মানবে না।’ সরকার দুর্নীতিবাজদের পক্ষ নিয়েছে মন্তব্য করে তিনি বলেন, এতে দেশে-বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন হয়েছে। বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ১৮-দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।