১৪ মাস পর সেই সাজাপ্রাপ্ত আসামির ছাড়পত্র
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইয়াসিন রহমান ওরফে টিটোকে ১৪ মাস পর ছাড়পত্র দিয়েছে। বিষয়টি নিশ্চিত করে নিউরোসার্জারি বিভাগের প্রধান কামাল উদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, আজ শনিবার সকাল ১০টার দিকে ইয়াসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ‘তায়েবী হত্যাকাণ্ড: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ মাস হাসপাতালে’ শিরোনামে দৈনিক ‘প্রথম আলো’ পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিনই এ ব্যবস্থা নেওয়া হলো।দুপুর সোয়া একটার দিকে ইয়াসিন পাঁচ তলা থেকে দৌড়ে নিচে রাখা কারাগারের গাড়িতে ওঠেন। তিনি ফটোসাংবাদিকদের ক্যামেরা থেকে মুখ আড়াল করার চেষ্টা করেন। ‘পিঠে ব্যথায়’ আক্রান্ত যে ‘রোগী’ এত দীর্ঘদিন হাসপাতালে কাটালেন তিনি কীভাবে এমন দৌঁড়ে নিচে নামলেন; সেটা নিয়ে উপস্থিত মানুষদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।ওই প্রতিবেদনে বলা হয়, ১৯৯৯ সালের ৯ জুন চট্টগ্রামের আগ্রাবাদের কার্যালয় থেকে খুলশীর বাসায় ফেরার পথে জাহাজ ব্যবসার প্রতিষ্ঠান সেন্ট্রান্স মেরিটাইম (বিডি) লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষপর্যায়ের কর্মকর্তা টি এ খানের একমাত্র ছেলে জিবরান তায়েবী খুন হন। পাঁচ মাস তদন্তের পর ওই বছরের ২২ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের এএসপি কাদের খান চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি ও কেডিএস গ্রুপের মালিক খলিলুর রহমানের ছেলে ইয়াসিনসহ আটজনকে আসামি করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।২০০২ সালের ১২ আগস্ট চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফজলুল করিম এ মামলার প্রধান আসামি ইয়াসিন রহমানকে বেকসুর খালাস দিয়ে অন্য ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করলে উচ্চ আদালত ২০০৭ সালের ২৮ মার্চ ইয়াসিন রহমানকে যাবজ্জীবন সাজা দিয়ে মামলার আরেক আসামি মোহাম্মদ ছিদ্দিককে বেকসুর খালাস দেন। জিবরান তায়েবীর হত্যাকাণ্ডের পর থেকে হাইকোর্টের রায় ঘোষণা পর্যন্ত প্রায় ১২ বছর আত্মগোপনে ছিলেন ইয়াসিন। এরপর ২০১১ সালের ১০ অক্টোবর চট্টগ্রাম মহানগর হাকিম এস এম মজিবুর রহমানের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হলে গত বছরের ১ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ইয়াসিনের আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্টের রায় বহাল রাখেন।তবে ইয়াসিন এর পর থেকে এক বছর আড়াই মাস (৪৪০ দিন) ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে আরাম-আয়েশে ভিআইপি ‘রোগী’ মর্যাদায় ছিলেন। আত্মসমর্পণের পর দুই দফায় মাত্র তিন দিন কারাগারে ছিলেন তিনি। তাঁর কোনো জটিল রোগের কথা জানা যায়নি। কাগজপত্রে লেখা, ‘পিঠে ব্যথা’।