১৪ শতাংশের বেশি সুদ দিতে রাজি নন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীরা চান, মেয়াদি ঋণে ১২ শতাংশ এবং চলতি মূলধনে ১৪ শতাংশ সুদ দিতে। কিন্তু ব্যাংকাররা বলছেন, আমানতের সুদ সাড়ে ১২ আর ঋণের সুদ সাড়ে ১৫ শতাংশের মধ্যে নামিয়ে আনতে তাঁরা চেষ্টা করছেন।এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে, তারা নজর রাখছে, যাতে উৎপাদন খাতে ঋণ ও আমানতে সুদের হারের মধ্যে পার্থক্য ৫ শতাংশের বেশি না হয়।গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) এক বৈঠকে এসব আলোচনা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত এ বৈঠকে গভর্নর আতিউর রহমান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আমজাদ খান চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি তপন চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ব্যাংকগুলোর এমডিদের সংগঠন এবিবির সভাপতি মোহাম্মদ নূরুল আমিন প্রমুখ।বৈঠকে গভর্নর আতিউর রহমান বলেন, ‘অর্থনীতি ভালো অবস্থায় আছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ-পরিস্থিতির উন্নতি হয়েছে।’ উল্লেখ্য, গতকাল রিজার্ভ আবারও এক হাজার এক কোটি ৫০ লাখ ডলারে উন্নীত হয়।গভর্নরের জ্যেষ্ঠ পরামর্শক আল্লাহ মালিক কাজেমী বৈঠকে বলেন, ‘এ মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের মূল বিবেচ্য বিষয় হচ্ছে মূল্যস্ফীতি। একে কিছুটা প্রশমিত করা গেলে তারল্য-পরিস্থিতি আরও সহজ হবে, তাতে সুদের হারও কমবে।’আমজাদ খান চৌধুরী বৈঠকে বলেন, ‘ব্যাংক এত কেন মুনাফা করবে! শিল্পপ্রতিষ্ঠান তো এত মুনাফা করে না!’বৈঠক শেষে এ কে আজাদ সাংবাদিকদের বলেন, ঋণের সুদ ১৪ শতাংশের বেশি দিতে অপারগতা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। দুুই বছর আগে যে ঋণ নেওয়া হয়েছে, সেই ঋণের সুদ বর্তমান হারে সমন্বয় অযৌক্তিক। এ কে আজাদ আরও বলেন, ‘এ সময়ের মধ্যে গ্যাস, বিদ্যুৎসহ সব জিনিসের দাম অনেক বেড়েছে। তবে সে অনুযায়ী শিল্পোদ্যোক্তাদের মুনাফা বাড়েনি। এ অবস্থায় সাড়ে ১৫ শতাংশ হারে সুদ দেওয়া ব্যবসায়ীদের পক্ষে সম্ভব নয়।’ বর্তমানে ব্যবসা-বিনিয়োগে দুই থেকে তিন শতাংশের বেশি মুনাফা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, এভাবে চলতে থাকলে উদ্যোক্তারা শিল্পে বিনিয়োগ করবেন না।এ কে আজাদ বলেন, আমানত ও ব্যাংকঋণের ওপর সুদের সর্বোচ্চ সীমা তুলে নেওয়ায় কোনো কোনো ব্যাংক সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত সুদ নিচ্ছে। এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা চলে যাওয়ার ঘটনাও ঘটছে।বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, ব্যাংকগুলো নিজেরা সুদের যে হার নির্ধারণ করেছে, তা মানা হচ্ছে কি না বাংলাদেশ ব্যাংক তা খতিয়ে দেখছে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের তিন-চারটি তদারকি দল কাজ করছে। কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে। দু-একটি ব্যাংক এ ক্ষেত্রে সীমা মানছে না বলে বাংলাদেশ ব্যাংকের কাছে সুনির্দিষ্ট অভিযোগ এসেছে বলেও জানান তিনি।