১৪টি মৃত্যু ও যুক্তরাষ্ট্রে কারখানা অব্যবস্থাপনা
যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি সার কারখানায় গত বুধবারের ভয়াবহ বিস্ফোরণের পর মৃতের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছেন উদ্ধারকর্মীরা। এখনো উদ্ধার-কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তাঁরা জানিয়েছেন। তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রে কারখানা-ব্যবস্থাপনার একটি দুর্বল দিক প্রকাশিত হয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শনিবার আল জাজিরা জানায়, বিস্ফোরণের পর ওয়েস্ট ফারটিলাইজার কোম্পানির ধ্বংসাবশেষ থেকে ওই ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর এই প্রথমবার টেক্সাসের জননিরাপত্তা বিভাগের কর্তৃপক্ষ মৃতের সংখ্যা নিশ্চিত করল। কর্মকর্তারা জানান, মৃত ব্যক্তিদের শনাক্ত করা না গেলেও তাঁদের মধ্যে অন্তত তিনজন ছিলেন অগ্নিনির্বাপণ-কর্মী। দুর্ঘটনায় প্রায় ২০০ মানুষ আহত হয়েছেন বলেও তাঁরা জানান। জননিরাপত্তা বিভাগের সার্জেন্ট জেসন রেস বলেন, উদ্ধার তত্পরতা চলছে এবং গতকাল শুক্রবার সকালের মধ্যে ১৫০টি ভবনে অনুসন্ধান সমাপ্ত হয়েছে, তবে এখনো ২৫টি ভবনে অনুসন্ধান চালানো বাকি। জননিরাপত্তা বিভাগের কর্মকর্তারা বলছেন, তাঁরা এখন পর্যন্ত বিস্ফোরণের পেছনে কোনো ষড়যন্ত্র খুঁজে পাননি। লোকালয়ে অবস্থিত এ কারখানাটিতে প্রচুর পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট নামের বিস্ফোরক দ্রব্য মজুত করা হলেও ২০০৬ সালের পর কারখানাটিতে কোনো সরকারি পরিদর্শন হয়নি।ওয়াকো এলাকার পুলিশের সার্জেন্ট উইলিয়াম প্যাট্রিক সোয়ানতোন বলেন, ওই কারখানায় প্রচুর পরিমাণ অ্যানিহাইড্রাস অ্যামোনিয়া মজুত করা হয়েছিল।যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণকেন্দ্র জানিয়েছে, পানির সঙ্গে মিশে অ্যানিহাইড্রাস অ্যামোনিয়া বিষাক্ত ধোঁয়া তৈরি করে। বাতাসের সঙ্গে অ্যামেনিয়া মিশলে তা বিস্ফোরক হয়ে যায়। উত্তপ্ত অ্যামোনিয়ার ভাণ্ড থেকেও বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করছে রোগ নিয়ন্ত্রণকেন্দ্র।কারখানা ব্যবস্থাপনায় ত্রুটিটেক্সাসের ওই বিস্ফোরণের পর দেশটির শিল্প খাতের একটি দুর্বল দিক প্রকাশিত হয়েছে। কারখানাটির কর্ম পরিবেশ কতটুকু নিরাপদ ছিল, দুর্ঘটনার পর তা বলা প্রায় অসম্ভব। তবে এটি যে অনেক আইনকানুন ভেঙে, পরিবেশ রক্ষার তোয়াক্কা না করে এবং শ্রমিক ও জনস্বাস্থ্যের প্রতি চূড়ান্ত অবজ্ঞা দেখিয়ে চালু ছিল, তা বেশ বোঝা যাচ্ছে। রয়টার্স জানিয়েছে, ওয়েস্ট ফারটিলাইজার কোম্পানি নামের কারখানাটি থেকে স্কুল, বেসরকারি হাসপাতাল ও বাসাবাড়ির অবস্থান হাঁটা দূরত্বে। কিন্তু এর পরও কারখানাটির কোনো বিস্ফোরক প্রতিরোধী দেয়াল ছিল না। আকস্মিক কোনো দুর্ঘটনা ঘটলে কী ব্যবস্থা নেওয়া হবে, এমন কোনো পরিকল্পনাও দেশটির পরিবেশ রক্ষাকারী সংস্থার কাছে এর আগে দাখিল করেনি কারখানা কর্তৃপক্ষ।গতকাল শুক্রবার রয়টার্স জানায়, এটা এখনো পরিষ্কার নয়, ওই সার কোম্পানিটির কী ধরনের নিরাপত্তা নেওয়ার প্রয়োজন ছিল কিংবা বিস্ফোরণের প্রকৃতি অনুযায়ী প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা ছিল কি না। গত বুধবারের বিস্ফোরণের পর দুই হাজার ৬০০ জন মানুষের অধ্যুষিত কারখানার এলাকাটিতে ৬০ থেকে ৮০টি বাড়ি ধুলায় মিশে গেছে, স্কুল ও হাসপাতাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। ২০১১ সালে পরিবেশ অধিদপ্তরের কাছে দাখিল করা একটি প্রতিবেদনে ওই সার কোম্পানির কর্মকর্তারা জানিয়েছিলেন, অ্যানহাইড্রাউজ অ্যামোনিয়া নামের একটি রাসায়নিক দ্রব্য এখানে ব্যবহার করা হয়, যা নিঃশ্বাসের সঙ্গে নিলে বিপজ্জনক হতে পারে। তবে তা অতিরিক্ত দাহ্য হবে না বা বিস্ফোরণের কারণ হবে না। ওই কোম্পানির নিরাপত্তা পরিকল্পনায়ও বিস্ফোরণের বিষয়ে কোনো ধরনের পূর্বাভাস দেওয়া হয়নি। রয়টার্স জানায়, এ বছরের শুরুর দিকে টেক্সাসের স্বাস্থ্য অধিদপ্তরের কাছে দেওয়া একটি প্রতিবেদনে কোম্পানিটি জানিয়েছিল, সার কারখানাটিতে আরও কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য মজুদ করা হয়েছে। এর মধ্যে ২৭০ টন অ্যামোনিয়াম নাইট্রেটও ছিল। গতকাল বৃহস্পতিবার তদন্তকারী দলের সদস্যরা জানিয়েছেন, ওই কারখানায় থাকা অবশিষ্ট রাসায়নিক নিয়েই তাঁরা এখন চিন্তিত। ম্যাট কাওথন নামের এক কর্মকর্তা বলেন, দুর্ঘটনার স্থানে অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেছে। তবে এটা এখনো নিশ্চিত নয়, কারখানাটি এই অ্যামোনিয়াম নাইট্রেট ২০১২ সালের আগে থেকে ব্যবহার করছে কি না। তিনি বলেন, কী কারণে বিস্ফোরণটি ঘটেছে, তা তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ। সরকারি তথ্যমতে জানা যায়, সম্প্রতি পারিবারিক মালিকানাধীন ওই কারখানাটিতে মূলত দুই ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছিল। প্রথমটি তরল সার বিক্রি ও গুদামজাত করা এবং দ্বিতীয়টি শুকনো সার বিক্রি করা। শুকনো সার তৈরির উপাদানগুলোই বেশি পরিমাণে উদ্বায়ী ছিল বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। ডি অ্যান্ড বি নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানায়, কারখানাটির মালিক ৮৩ বছর বয়সী ডোনাল্ড আধেয়ার এবং এখানে ১০ জনের বেশি লোক কাজ করতেন। দুর্ঘটনা সম্পর্কে জানতে টেলিফোনে আধেয়ার কিংবা তাঁর স্ত্রী কারও সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ফোনকল রিসিভ করা এক ব্যক্তি জানিয়েছেন, কারখানার মালিক ও তাঁর স্ত্রী বেঁচে আছেন। এ বিষয়ে কারখানার ব্যবস্থাপক কিংবা কোনো কর্মচারীর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।ওয়েস্ট ফারটিলাইজার কারখানাটি ১৯৬২ সাল থেকে উত্পাদনে নামে। কারখানার ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে করা পরিকল্পনাটি হালনাগাদ না করায় পরিবেশ রক্ষাকারী সংস্থা ২০০৬ সালে কারখানার মালিককে দুই হাজার ৩০০ ডলার জরিমানা করে। সে সময় ওই সংস্থাটি তদন্ত করে দেখতে পায়, কারখানার শ্রমিকেরা পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষিত নন এবং কীভাবে কারখানাটি পরিচালিত হবে, সে সম্পর্কে লিখিত কোনো সূচি ছিল না। ওই সার কারখানাটি পরিবেশ রক্ষাকারী সংস্থার নিয়মেরও বরখেলাপ করেছিল। সেখানে চার হাজার ৫৩০ কেজির বেশি অ্যামোনিয়া ছিল।টেক্সাসের ‘পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য সংস্থা’ ১৯৮৫ সালে কারখানাটিকে বিভিন্ন অনিয়মের জন্য পাঁচবার জরিমানা করে। এর মধ্যে দুবার যেসব অনিয়ম করা হয়েছিল, তা ছিল ‘গুরুতর’। তবে সম্প্রতি কারখানাটিকে এ ধরনের কোনো জরিমানা করেনি সংস্থাটি।রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের গ্রামীণ এলাকার অনেক প্রতিষ্ঠানে বিস্ফোরক জাতীয় দ্রব্য মজুত করা হয় এবং সেখানে কৃষকদের জন্য ওয়েস্ট কারখানাটির মতো সার চূর্ণ করা হয়। পরিবেশ রক্ষাকারী সংস্থার প্রতিবেদন মতে, প্রায় ১০ হাজার প্রতিষ্ঠান অ্যানহাইড্রাউজ অ্যামোনিয়া মজুত করে থাকে বলে স্বীকার করেছে। এ ধরনের নাইট্রোজেন সমৃদ্ধ সার শস্যের উত্পাদন বাড়াতে সাহায্য করে এবং যুক্তরাষ্ট্রের সব জায়গার কৃষকেরা এটা ব্যবহার করেন। একজন বিশেষজ্ঞ জানান, তাপমাত্রা এক হাজার ৫০০ ডিগ্রি ফারেনহাইটের ওপরে উঠলে অ্যানহাইড্রাউজ অ্যামোনিয়া দাহ্য হয়ে ওঠে এবং এটার মাধ্যমে এ ধরনের বড় দুর্ঘটনা ঘটবে, এমনটি আশা করা যায় না। কে এ বারবারিক নামের কলারাডো বিশ্ববিদ্যালয়ের শস্যবিজ্ঞানের এক অধ্যাপক বলেন, ‘কৃষকেরা অ্যানহাইড্রাউজ অ্যামোনিয়া ব্যবহার করে থাকেন এবং এটার তেমন বিধ্বংসী ক্ষমতাও নেই।’ কৃষিপণ্য বিক্রয়কারী সংগঠনের প্রধান নির্বাহী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ছয় হাজার ৫০০টি খুচরা দোকানে সার মজুদ, চূর্ণ ও বিক্রি করা হয়।