১৪৩ চিকিৎসকের নিয়োগ অবৈধের রায় স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া ১৪৩ জন চিকিৎসকের নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। ছয় সপ্তাহের জন্য এ স্থগিতাদেশ দেওয়া হয়।আজ সোমবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা চিকিৎসকদের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ স্থগিতাদেশ দেন। চিকিৎসকদের পক্ষের আইনজীবী এম জহির জানান, এ স্থগিতাদেশের ফলে এসব চিকিত্সক কাজ চালিয়ে যেতে পারবেন। ১৪ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ জোট আমলে নিয়োগ পাওয়া ২৩৬ জন চিকিৎসকের নিয়োগ অবৈধ ঘোষণা করে রায় দেন। তাঁদের মধ্যে ১৪৩ জনের পক্ষে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি ওই আদেশের কার্যকারিতা স্থগিত করেন।আদালতে চিকিৎসকদের পক্ষে এম জহির শুনানি করেন। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।জানা যায়, ২০০৫ সালের ১৮ অক্টোবর চিকিত্সক নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তি অনুসারে ২০০৫ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের জানুয়ারি পর্যন্ত কর্তৃপক্ষ ২৩৬ জন চিকিৎসককে (মেডিকেল অফিসার) নিয়োগ দেয়। আইন-বহির্ভূতভাবে এসব নিয়োগ দেওয়া হয়েছে, এমন দাবি করে স্বাধীনতা চিকিত্সক পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল আর্সলান হাইকোর্টে একটি রিট আবেদন করেন। রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৬ সালের ২ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম স্থগিত করেন। পরে ওই স্থগিতাদেশ আপিল বিভাগে স্থগিত হয়। ইতিপূর্বে হাইকোর্টের জারি করা রুলের ওপর চলতি মাসে শুনানি শুরু হয়। চূড়ান্ত শুনানি শেষে ১৪ ডিসেম্বর আদালত ওই নিয়োগ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন।