১৪৪ ধারা বহাল চা-বাগান পুলিশের নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নন্দরানী চা-বাগানের দখল নিয়ে সংঘর্ষের জের ধরে বাগান এলাকায় ১৪৪ ধারা বহাল আছে। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার পর্যন্ত বাগানটি পুলিশের নিয়ন্ত্রণে।এদিকে শুক্রবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে বাগান দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিনিময়, দুজন নিহত, বাগান ব্যবস্থাপকের বাংলো, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল রাত আটটা পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি।সংঘর্ষে আহত চারজনকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের হামলাকারী সন্দেহে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।গতকাল দুপুরে নন্দরানী চা-বাগান এলাকায় দেখা যায়, কমলগঞ্জ থানার দুজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে ২৫ জন পুলিশের সদস্য বাগানের কার্যালয় ও ব্যবস্থাপকের বাংলোর বাইরে পাহারা দিচ্ছেন। চা-বাগানে কোনো শ্রমিককে কাজ করতে দেখা যায়নি। আবার হামলার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা।শুক্রবারের হামলার ঘটনার বর্ণনা দিয়ে শ্রমিক রীনা রানী মাহারা বলেন, ‘মাথায় লাল কাপড় বেঁধে চারদিক থেকে হামলা চালানো হয়। হামলায় শ্রমিক ভারতী মাহারাও আহত হন। হামলাকারীরা চা-শ্রমিক জগৎ, পিতবাসী ও আফজলের ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। আর ব্যবস্থাপকের বাংলোয় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর লুটপাট হয়।কমলগঞ্জ থানার এসআই রাসেল আহমেদ হলেন, বাগানে হামলা ও সংঘর্ষে জড়িত অভিযোগে উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের ইউসুফ, ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের রাসেল, গুলের হাওর গ্রামের আফই মিয়া ও মাধবপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের সুলতান মিয়াকে আটক করা হয়েছে।সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত নন্দরানী চা-বাগানের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের সচিব কাজী ফখরুল ইসলাম (৬৫) ও কমলগঞ্জের ধলাইরপাড় গ্রামের জাহিদ মিয়ার (২৫) মরদেহ গতকাল মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের পর বেলা সাড়ে তিনটার দিকে কোম্পানির পক্ষে ফখরুলের মৃতদেহ গ্রহণ করেন চা-বাগানের মহাব্যবস্থাপক (জিএম) জহির আহমেদ চৌধুরী। বেলা সাড়ে চারটার দিকে শ্রীমঙ্গল উপজেলা সদরে ফখরুলের প্রথম জানাজা হয়। পরে তাঁর মরদেহ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গ্রামের বাড়িতে নেওয়া হয়।এ ছাড়া গতকাল রাতে উপজেলার ধলাইরপাড় গ্রামের কবরস্থানে জাহিদ মিয়ার মরদেহ দাফন করা হয়।একজন নিখোঁজ: জিএম জহির বলেন, শুক্রবারের ঘটনায় তাঁরা কমলগঞ্জ থানায় মামলা করবেন। তিনি বলেন, ঘটনার পর থেকে বাংলোর বাবুর্চির সহকারী শুকুর আলী নিখোঁজ রয়েছে।১৪৪ ধারা থাকবে: গতকাল বেলা ১১টার দিকে সিলেট বিভাগীয় পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মকবুল হোসেন ভূঁইয়া, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. হারুন-অর-রশীদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চা-বাগান পরিদর্শন করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নন্দরানী চা-বাগানে স্বাভাবিক অবস্থা না ফেরা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। পুলিশ পুরো বিষয়টি খুব সতর্কতার সঙ্গে তদন্ত করছে।তদন্ত কমিটি: শুক্রবারের ঘটনা তদন্তে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।সাবেক ছাত্রলীগ নেতার দাবি: জেলা ছাত্রলীগের সভাপতি কামাল আহমদ গতকাল দাবি করেন, নন্দরানী চা-বাগান দখল ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। শুক্রবার তিনি সারা দিন জেলা সদরের বাসায় ছিলেন। তাঁকে নিয়ে সংবাদপত্রে ভুল তথ্য প্রকাশিত হয়েছে।তবে প্রত্যক্ষদর্শী অনেকে এবং গুলিতে নিহত জাহিদ মিয়ার ভাই খলিলুর রহমান ও বোন নাসিমা বেগম জানিয়েছেন, শুক্রবার চা-বাগান দখলের চেষ্টার সময় সংঘর্ষে কামাল আহমদ সক্রিয় ছিলেন।