১৪৪ ধারা ভঙ্গ, আটক হয়ে মুক্ত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরের দুটি স্থানে গতকাল রোববার রাতে বাঙালি ও পাহাড়িদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ১৪৪ ধারা ভাঙার অভিযোগে কমপক্ষে সাতজনকে আটকের পর মুক্তি দেওয়া হয়।রাঙামাটিতে থমথমে অবস্থা। নানা গুজবের পরিপ্রেক্ষিতে সবার রাত কেটেছে নির্ঘুম। শহরসহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।রাঙামাটি কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রহিম উল্লাহ প্রথম আলো ডটকমকে বলেন, ১৪৪ ধারা ভাঙার অভিযোগে যাদের আটক করা হয়েছিল, অভিভাবকদের অনুরোধে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।গতকাল নানা গুজবের পরিপ্রেক্ষিতে রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে বাঙালি ও আদিবাসীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় পাহাড়ি ও বাঙালিরা নিজ নিজ পাড়া-মহল্লায় জড়ো হয়ে প্রতিরোধের প্রস্তুতি নেয়। রাত নয়টার দিকে কৃষি সম্প্রসারণ কার্যালয়সংলগ্ন লিচুবাগান এবং ১১টার দিকে রাজমণিপাড়া এলাকায় বাঙালি ও পাহাড়িদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ওই দুই এলাকা থেকে কমপক্ষে সাতজনকে আটক করা হয়। রাতে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়। এ ছাড়া সেনাবাহিনীর রাঙামাটি জোন কমান্ডার লে. কর্নেল নাজমুল হক ও পুলিশ সুপার মাসুদ-উল হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা সারারাত শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।রাত সাড়ে ১১টা থেকে গভীর রাত পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে মাইকযোগে পরিস্থিতি শান্ত আছে বলে প্রচার করা হয়। গুজবে কান না দেওয়া এবং ধারালো অস্ত্র, ইটপাটকেল নিয়ে ঘোরাফেরা না করে বাড়িতে অবস্থানের অনুরোধ জানানো হয়। ১৪৪ ধারা এখনো বহাল আছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।