১৪৪ ধারা ভঙ্গ করায় তিনজনকে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪৪ ধারা ভঙ্গ করে ডিমওয়ালা ও পোনা মাছ ধরে বিক্রির দায়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত উপজেলার তিন মত্স্যজীবীকে সাত দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ সময় প্রায় ১২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে।সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মুদ্দত মিয়া (৩৪), সায়রাজ মিয়া (৩০) ও মো. খালিক মিয়া (৩৮)। তাঁদের বাড়ি উপজেলার কালাপুর ইউনিয়নের বরুণা গ্রামে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. আ. কুদ্দুস। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মত্স্য কর্মকর্তা মো. শহীদুল ইসলাম ভূঁইয়া ও শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক।ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার জ্যেষ্ঠ মত্স্য কর্মকর্তা মো. শহীদুল ইসলাম ভূঁইয়া প্রথম আলো ডটকমকে বলেন, ‘সাজাপ্রাপ্ত ব্যক্তিরা উপজেলার বরুণা বাজারের ডিমওয়ালা ও পোনা মাছ বিক্রি করছিলেন।’মাছের প্রজনন, বংশ বৃদ্ধি ও পোনা মাছ ধরা বন্ধ করতে গত সোমবার হাইল হাওরের বাইক্কা বিল এবং এর চারপাশের দুই কিলোমিটার ভাসান পানি এলাকায় শ্রীমঙ্গলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ১৪৪ ধারা জারি করেন। এ আদেশ আগামী ১৮ জুন পর্যন্ত বলবত্ থাকবে।