১৪৫ নতুন প্রাণের সন্ধান মেকং অববাহিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেকং অববাহিকাকে বলা হচ্ছে প্রাণসম্পদের ভান্ডার। মেকং নদীর দুই পাশের ঘন বন, ঝোপ বা জলাভূমিতে বিজ্ঞানী ও গবেষকেরা নিয়মিত নতুন প্রাণের সন্ধান পাচ্ছেন। ২০০৯ সালেই প্রাণবিজ্ঞানের অভিধানে এই অঞ্চলটি যুক্ত করেছে ১৪৫টি নতুন নাম। বিশ্ব বন্য প্রাণী তহবিল গত সপ্তাহে এই প্রাণীগুলোর নাম ও পরিচয় প্রকাশ করেছে। এর মধ্যে আছে ড্রাকুলা মাছ, ঠোঁটরঞ্জনি টিকটিকি, ১০ প্রজাতির সরীসৃপ ও উদ্ভিদ থেকে শুরু করে ঝিঁঝি ব্যাঙ। এ ব্যাপারে টেলিফোনে যোগাযোগ করা হলে সংযুক্ত আরব আমিরাতের দুবাই চিড়িয়াখানার বন্য প্রাণী বিশেষজ্ঞ রেজা খান প্রথম আলোকে বলেন, জীববৈচিত্র্যের বিবেচনায় বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে। তবে দেশে নতুন প্রাণ সন্ধানে ব্যাপকভিত্তিক উদ্যোগ নেই। ব্যক্তিগত উদ্যোগে বন্য প্রাণীপ্রেমী ও বিজ্ঞানীরা গত ১০ বছরে ১৫ থেকে ২০ প্রজাতির নতুন প্রাণীর সন্ধান পেয়েছেন। এসব প্রাণী পৃথিবীতে বিরল ও বাংলাদেশে আগে দেখা যায়নি। তিনি বলেন, বন্য প্রাণী চিহ্নিত করার জন্য দেশে আলাদা বন্য প্রাণী জরিপ ও সংরক্ষণ বিভাগ থাকা দরকার।মেকং ও এর শাখা নদীগুলো বয়ে গেছে কম্বোডিয়া, লাভ প্রজাতন্ত্র, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং দক্ষিণ চীনের য়ুনান প্রদেশের মধ্য দিয়ে। ১৯৯৭ থেকে ২০০৮ সালের মধ্যে বিজ্ঞানীরা মেকং ও এর শাখা নদীগুলোর দুই পারে সন্ধান পেয়েছেন এক হাজার ২৩১ প্রজাতির সরীসৃপ, উভচর, মাছ, গাছপালা ও পাখির। আর ২০০৯ সালে পেয়েছেন ১৪৫টি নতুন প্রজাতির সন্ধান।ড্রাকুলা মাছ: মিয়ানমারের এক পাহাড়ি ছড়ায় পাওয়া এই মাছকে বাংলায় অনায়াসে দাঁতাল মাছ বলা যায়। ড্রাকুলা মাছ আকারে মাত্র ১৬.৭ মিলিমিটার লম্বা। অনেকটা দেশি চাঁদামাছের মতো স্বচ্ছ।চিত্রাদানিও মাছ বা ডেনিওটিনউইনি মাছের দেখা মিলেছে মিয়ানমারের মগুয়াং চং নদীর উৎসমুখে। এটিও ছোট মাছ। ২৪ মিমি লম্বা। দানিও গোত্রের অন্যান্য প্রজাতির মতোই ফোঁটাদার এই মাছ। দানিও গোত্রের অন্যান্য মাছের শরীরে লম্বা সমান্তরাল ফোঁটা দেখতে পাওয়া যায়। তবে এর দেহ মলামাছের মতো স্বচ্ছ। বিজ্ঞানীরা বলছেন, চিত্রাদানিও মাছ মিয়ানমারের অন্যান্য জলাশয়েও পাওয়া যেতে পারে।চোষক মাছ: ২০০৯ সালের আগে ওরিওগ্লেইন প্রজাতির একটি মাত্র মাছ থাইল্যান্ডে মেকং নদীর শাখা নদীতে পাওয়া গিয়েছিল। গত বছর মেকং অববাহিকায় ১০টি নতুন প্রজাতি পাওয়া গেছে। এগুলোর বৈজ্ঞানিক নাম এখনো ঠিক হয়নি। আশপাশের দেশেও এগুলো থাকতে পারে। মাছগুলোর দেহের বাদামি রঙের ওপর হলুদ ফোঁটা আর বড় সুচালো দাঁতের নিচের চোয়ালে চ্যাপ্টা ঠোঁট দেখে এদের চেনা যায়। থাইল্যান্ডের মানুষ এদের আচরণ লক্ষ করে নাম রেখেছে পাথর চোষক মাছ। এদের মুখটা অর্ধচন্দ্রের মতো, মনে হয় যেন পাথর চুষে খাওয়ার ব্যবস্থা করেছে। পাহাড়ি খরস্রোতা নদীতে নুড়ির মধ্যে এরা এঁটে থাকে।১০ প্রজাতির সরীসৃপ: মেকং অববাহিকায় পাওয়া গেছে ১০ প্রজাতির নতুন সরীসৃপ। এদের মধ্যে কলাম্পিরিউলেপস এনজিএম-জিনভেনসাঙ্গি নামের বিষদাঁতহীন সাপটি জীববিজ্ঞানের জন্য নতুন। অধিকাংশ ইলাপিড গোত্রের (মারাত্মক মারণ বিষসম্পন্ন ছোট, স্থায়ী বিষদাঁতওয়ালা সাপের গোত্র) মতো এরা সরু, দেহের রং কালচে নীল—মেরুদণ্ডের ওপর ঘন কালো দাগ। এদের বিষ, বিষদাঁত—কিছুই নেই। এই সাপ পাওয়া গেছে দক্ষিণ ভিয়েতনামের লামড্য প্রদেশে। ধারণা করা হয়, এই সাপ চিরসবুজ বনের ঝরাপাতার স্তূপের মধ্যে থাকে। কেঁচো, ছোট সাপ, ছোট গিরগিটি, উভচর প্রাণী ও মাছ খেয়ে বাঁচে এরা।উত্তর ভিয়েতনামের কাওবাং প্রদেশের তারাক্ষখানা সংরক্ষিত বনের চুনাপাথরসমৃদ্ধ এলাকায় খুব ছোট বিষধর বোড়া সাপের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মেয়ে-পুরুষ উভয় সাপেরই রং ধূসর বাদামির ওপর গাঢ় বাদামি নকশাকাটা। ঝোপঝাড় আর ঝরা ডালপালার সঙ্গে সাপের গায়ের রং মিশে যায়। নতুন এই প্রজাতিটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০০-৭০০ মিটার উচ্চতায় শুধু তারাঙ্গখানা বনেই দেখা গেছে। এই আবিষ্কারের ফলে এশীয় পিটভাইপারের সংখ্যা দাঁড়াল ৩৫ প্রজাতিতে।ঠোঁটরঞ্জনী টিকটিকি পাওয়া গেছে ভিয়েতনামের নুইচুয়া জাতীয় উদ্যানে। ছোট এই টিকটিকির বৈজ্ঞানিক নাম ডিক্সোনিয়াস আরানবাউরি। ডিক্সোনিয়াস গোত্রের আরও কয়েকটি টিকটিকি মেকং অববাহিকায় পাওয়া যায়। কিন্তু উপকূলীয় বাঁধ এবং জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা তৈরি করার প্রবণতায় এই প্রাণীগুলো হুমকির সম্মুখীন।ব্যাঙ ও বুলবুুল: ঝিঁঝি ব্যাঙ বা লেপটোলালাক্স এপেলিবাই পাওয়া গেছে ভিয়েতনামের কুয়াঙ্গ প্রদেশে। ছোট এই ব্যাঙটিকে সহসা দেখা যায় না, কিন্তু ডাক শোনা যায়। প্রধান আবিষ্কর্তার ভাষ্য, ‘ঝিঁঝি শব্দ শুনে তা ধারণ করার পর আমি পাতার স্তূপ উল্টে দেখি একটি ব্যাঙ।’ এ ব্যাঙের ছোট দেহ আর চকচকে বাদামি গায়ের রং।মাকুন্দা বুলবুলির সন্ধান ১৫ বছর আগেই পেয়েছিলেন বিজ্ঞানীরা। কিন্তু এদের বাসস্থান নির্ণয় করতে পারেননি। এরা লাও প্রজাতন্ত্রের কেন্দ্রীয় এলাকার ঝরাপাতার বনে বাস করে। এদের মুখ ও মাথার পাশে পালক গজায় না। এদের ডাক অনেকটা ছোট ছোট ভাঙা ভাঙা শিষ দেওয়ার মতো। পাখিটি যদি শুধু লাওয়ে থাকে, তবে এটিই হবে সে দেশের একমাত্র ভূমিজ পাখি আর এশিয়ার একমাত্র ন্যাড়ামাথার গানের পাখি।স্তন্যপ্রায়ী ও উদ্ভিদ: সন্ধান পাওয়া পাঁচটি স্তন্যপায়ীর তিনটির নামকরণ হয়েছে। একটি সাদা দাঁতের ছুঁচো। এই প্রাণীটি ধরা পড়ার সময় একই এলাকায় ডোরা খরগোশ ও সাওলা ধরা পড়ে। ওই প্রাণীগুলোর বর্ণবাহুল্যে ছুঁচোর নাম চাপা পড়ে যায়। এনামাইট পাহাড়ি এলাকায় পাওয়া ছুঁচোটি বাদামি রঙের, লেজ ও মুখ বেশ ছোট। উত্তর ভিয়েতনামের চুনাপাথরের গুহায় একটি নতুন বাদুর পাওয়া গেছে।নতুন পাওয়া কীটপতঙ্গভুক গাছটি সাত মিটার লম্বা আর এর ২৫ সেন্টিমিটার লম্বা কল্কে আকারের আধারগুলো সবুজ লালে মেশানো। গাছের পাতা চওড়া আকারের, রং সবুজ। ডাঁটা হলুদের ওপর লালচে ছোপ। দক্ষিণ কম্বোডিয়ার বোকোর পাহাড়ে গাছটি পাওয়া গেছে। মেকং অববাহিকায় ১০টি প্রজাতির নতুন উদ্ভিদের দেখা মিলেছে। গাছগুলোর বৈশিষ্ট্য হলো এরা একসঙ্গে পাশাপাশি অনেকগুলো জন্মায়। ১০-১২ বছর এদের ফুল হয় না। তারপর হঠাৎ সবাই ফুলেল হয়ে ওঠে এবং এর পরই বাঁশের মতো গাছগুলো মরে যায়। ফুল না থাকায় বিজ্ঞানীরা এদের চিনতে ভুল করলেও স্থানীয় বাসিন্দারা জানে কখন ফুল হবে। তাদের ধারণা, ওই বছর খুব খরা হয় নয়তো প্রচুর শস্য পাওয়া যায়।