১৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে ১৮-দলীয় জোটের ১৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত পল্টন মডেল থানার একটি মামলায় অভিযোগপত্র গ্রহণ করেন। ১৭ এপ্রিল অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে।গতকাল রোববার দ্রুত বিচার আদালত-৬-এর বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান এই আদেশ দেন। এ নিয়ে গত এক মাসে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে চারটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। এতে কয়েকজন শীর্ষ নেতাসহ মোট ২৩৮ জনকে আসামি করা হয়েছে। আগামী সপ্তাহের পৃথক দিনে এই মামলাগুলোর শুনানির দিন ধার্য করা হয়েছে। চারটি মামলার আসামিদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, বরকত উল্লা, মো. শাহজাহান, রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান, সাধারণ সম্পাদক মীর সরফত আলী, ছাত্রদলের সাবেক নেতা সুলতান সালাউদ্দিন, আজিজুল বারী, শফিউল বারী, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ, ছাত্রদলের নেতা হামিদুর রহমান, ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী, সেক্রেটারি আবদুল জব্বার, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর সভাপতি রফিকুল ইসলাম, জামায়াতের নেতা শফিকুল ইসলাম, সেলিম উদ্দিন ও রেজাউল করিম।মির্জা ফখরুল, মওদুদ আহমদসহ বেশ কয়েকজন নেতা হাইকোর্ট থেকে জামিনে আছেন। আগামী সপ্তাহে তাঁদের জামিনের মেয়াদ শেষ হচ্ছে। নিম্ন আদালতে নতুন করে জামিনের আবেদন করতে হবে। গত ১১ মার্চ বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ কেন্দ্রীয় কার্যালয়ে হানা দিয়ে মির্জা ফখরুলসহ ১৫৭ জনকে আটক করে নিয়ে যায়। পরদিন মির্জা ফখরুল, বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দেয় পুলিশ। বাকি ১৫৪ জনের বিরুদ্ধে ওই দিন পুলিশ বাদী হয়ে পল্টন থানায় দুটি মামলা করে। দ্রুত বিচার আইনের এ মামলায় গ্রেপ্তার ১৫৪ জন নেতা-কর্মীর মধ্যে ১৫১ জনকে ২০ মার্চ রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। বর্তমানে সব আসামি কারাগারে আটক আছেন। গতকাল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী এম এ সোবহান, জুনায়েদ ওসমান, মো. শাকিল, সোহেল রানা, মাহবুবুর রহমান ওরফে সানা ও নাইম আহমেদ—এই ছয়জনকে অব্যাহতির আদেশ দেন আদালত।আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ, মোহাম্মদ শাহজাহান, বিএনপির কেন্দ্রীয় নেতা চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ও হাবিবুর রহমানের নেতৃত্বে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ভাঙচুর করে ক্ষতিসাধন ও ত্রাসের সৃষ্টি করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। পুলিশ অবৈধভাবে বিএনপির কার্যালয়ে প্রবেশ করে নেতা-কর্মীদের মারধর ও গ্রেপ্তার করেছে। বিএনপি কার্যালয় থেকে ককটেল উদ্ধার একটি সাজানো নাটক।রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে বলেন, বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের শেষ দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে চাইলে তারা বিএনপি কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। কার্যালয় থেকে আসামিদের গ্রেপ্তার ও ককটেল উদ্ধার করা হয়। অভিযোগপত্র গ্রহণ করতে আইনগত কোন বাধা নেই। এর আগে ১৪৮ নেতা-কর্মীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া, গোলাম মোস্তফা খান, মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ আলম মিয়া প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত মহানগর পিপি শাহ আলম তালুকদার।