১৪৮ পাকিস্তানি সাংসদের সদস্যপদ স্থগিত
সম্পদের হিসাব বিস্তারিতভাবে দিতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানে নির্বাচন কমিশন (ইসিপি) গতকাল সোমবার দেশটির ১৪৮ জন সাংসদের সদস্যপদ স্থগিত করেছে। দেশটির একটি বেসরকারি টেলিভিশনের খবরে এ কথা জানানো হয়েছে। একই সঙ্গে এই সাংসদেরা যতদিন তাঁদের সম্পদের হিসাব বিস্তারিতভাবে কমিশনে জমা দেবেন না, ততদিন তাঁদের সদস্যপদ স্থগিত থাকবে বলে ইসিপি একটি প্রজ্ঞাপনও জারি করেছে। আজ মঙ্গলবার পাকিস্তানের দৈনিক দ্য নেশন ও দৈনিক দ্য ডেইলি টাইমসের ওয়েবসাইটে প্রকাশিত খবরে দেখা যায়, পাকিস্তান নির্বাচন কমিশন যেসব সাংসদের সদস্যপদ স্থগিত করেছে, তাঁদের মধ্যে জাতীয় পরিষদের ৩৫ জন, পাঞ্জাব প্রাদেশিক পরিষদের ৭১ জন, সিন্ধু প্রাদেশিক পরিষদের ১৬ জন, খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক পরিষদের ১০ জন এবং বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের ১২ জন সদস্য রয়েছেন। এ ছাড়া কমিশন পাকিস্তান সিনেটের চারজন সদস্যেরও সদস্যপদ স্থগিত করেছেন। উল্লেখ্য, পাকিস্তানে পার্লামেন্টের উচ্চকক্ষকে সিনেট বলা হয়।