জাতীয় সংসদের ১৪৯ জন সাংসদের ৯৭ শতাংশ নেতিবাচক কাজের সঙ্গে জড়িত। এই সাংসদেরা নিজস্ব পদকে টাকা আয়ের উৎস হিসেবে ব্যবহার করেন। দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে প্রতিবেদনে ওই ১৪৯ জন সাংসদের নাম উল্লেখ করা হয়নি। এই সাংসদের কারও বক্তব্যও প্রতিবেদনের জন্য নেওয়া হয়নি। রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল রোববার টিআইবি এই প্রতিবেদন প্রকাশ করে। নবম জাতীয় সংসদের সদস্যদের ইতিবাচক ও নেতিবাচক ভূমিকা পর্যালোচনা শীর্ষক এই প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল, ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান ও নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। প্রতিবেদন অনুযায়ী, সাংসদদের নেতিবাচক কাজের মধ্যে রয়েছে—প্রশাসনিক কাজে প্রভাব বিস্তার, শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, উন্নয়ন বরাদ্দের অপব্যবহার, হত্যা, দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, প্রতারণা, সরকারি কেনাকাটায় প্রভাব বিস্তার, নির্বাচনী আইন লঙ্ঘন করা, মিথ্যা তথ্য দিয়ে প্লট বরাদ্দ পাওয়া ইত্যাদি।প্রতিবেদনে বলা হয়েছে, সাংসদদের কাজের সীমাবদ্ধতা চিহ্নিত করা, সংসদ এবং সংসদের বাইরে সাংসদদের ইতিবাচক ও নেতিবাচক কাজের পর্যালোচনার জন্য এই গবেষণা করা হয়েছে। গবেষণার ১৪৯ জন সাংসদকে নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ক্ষমতাসীন দলের ১৩৬ এবং বিরোধী দলের ১৩ জন। এঁদের নিয়ে সাতটি বিভাগের ৪২টি জেলায় ৪৪টি দল গঠন করে আলোচনা করা হয়। শিক্ষক, ব্যবসায়ী, আইনজীবী, গণমাধ্যমকর্মী ও অন্যান্য পেশার মোট ৬০০ জন্য ব্যক্তি আলোচনায় অংশ নেন। তবে কী প্রক্রিয়ায় এই ৬০০ লোক নির্বাচন করা হয়, তা প্রতিবেদনে উল্লেখ নেই।প্রতিবেদন সম্পর্কে ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ৬০০ জন পেশাজীবীর প্রত্যক্ষ আলোচনায় ১৪৯ জন সাংসদের নাম এসেছে। যে কারণে এই প্রতিবেদন সবার জন্য প্রযোজ্য হবে না। তাই এটিকে খণ্ডিত চিত্র বলতে হবে। তিনি স্বীকার করেন, ৩০০ জন সাংসদের ওপর এ গবেষণা করতে পারলে ভালো হতো। সময়ের অভাবে তা করা সম্ভব হয়নি। প্রতিবেদনে ১৪৯ জন সাংসদের নাম উল্লেখ না করা প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, টিআইবির নীতিমালায় অনুমোদন করে না বলে ১৪৯ জন সাংসদের নাম উল্লেখ করা হয়নি। মূলত ৬০০ ব্যক্তির অংশগ্রহণমূলক আলোচনা থেকে তথ্য নেওয়া হয়েছে। তবে টিআইবি কিছু কিছু ক্ষেত্রে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করেছে। তাই প্রতিবেদনটিকে ধারণাভিত্তিক বলা যাবে না। গবেষণার পদ্ধতি ও তথ্যের উৎস: প্রতিবেদনে বলা হয়েছে, এই গবেষণা প্রাথমিক ও পরোক্ষ তথ্যের বিশ্লেষণের ওপর ভিত্তি করে পরিচালিত। এতে টিআইবির ‘পার্লামেন্টারি ওয়াচ’ গবেষণা থেকে তথ্য ব্যবহার করা হয়েছে। পরোক্ষ উৎস হিসেবে সংবিধান, সংসদের কার্যপ্রণালি বিধি, আইন ও বিধি, প্রকাশিত ও অপ্রকাশিত প্রবন্ধ, অনলাইন ও পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ও প্রবন্ধ ব্যবহার করা হয়েছে। তথ্যের প্রত্যক্ষ উৎস হিসেবে সাতটি বিভাগের ৪২টি জেলায় দলনিরপেক্ষ সচেতন জনগোষ্ঠীর সমন্বয়ে ৪৪টি দল গঠন করে আলোচনার মাধ্যমে প্রত্যক্ষ তথ্য সংগ্রহ করা হয়েছে। ৬০০ ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ অভিজ্ঞতাভিত্তিক তথ্য ও মতামত গত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে নেওয়া হয়। নেতিবাচক দিক: আলোচিত সাংসদদের মধ্যে ৯৭ শতাংশ নেতিবাচক কাজের সঙ্গে জড়িত বলে প্রতিবেদনে বলা হয়েছে। এঁদের মধ্যে ২৭ জন মন্ত্রী/প্রতিমন্ত্রী, সাতজন নারী সদস্য এবং বিরোধী দলের পাঁচজন সদস্যও আছেন। অভিযোগের ধরন সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, আলোচিত সাংসদদের ৮১ দশমিক ৮ শতাংশ প্রশাসনিক কাজে সিদ্ধান্ত গ্রহণ এবং বদলি ও নিয়োগের ক্ষেত্রে প্রভাব বিস্তার করেন। এসব সাংসদের বিরুদ্ধে খুব কম ক্ষেত্রে মামলা হয়েছে। কোথাও কোথাও সাংসদেরা পাল্টা মামলা করেছেন। কোনো কোনো ক্ষেত্রে সাংসদদের চাপে প্রশাসনের কর্মকর্তাদের বদলি করা হয়েছে। উল্লিখিত সাংসদদের ৭৬ দশমিক ৯ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হিসেবে ক্ষমতার অপব্যবহার, কমিটি নিয়ন্ত্রণ, পছন্দের সদস্য নির্বাচন, শিক্ষক নিয়োগ নিয়ন্ত্রণ, অর্থের বিনিময়ে চাকরি দেওয়া, কমিশনের বিনিময়ে শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তি করা, শিক্ষাপ্রতিষ্ঠানের বরাদ্দের অপব্যবহার ইত্যাদি দুর্নীতির সঙ্গে জড়িত। এসব অনিয়মের ঘটনায় সাংসদের হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটেছে। ১৪৯ সাংসদের ৭৫ দশমিক ৫ শতাংশ উন্নয়ন বরাদ্দের অপব্যবহার করেছেন। এর মধ্যে স্থানীয় উন্নয়নকাজে ব্যক্তিগত ও পারিবারিক সুবিধা নেওয়া, নিজস্ব কর্মীদের সুবিধা দেওয়া, ভুয়া প্রকল্প ও প্রতিষ্ঠানের নামে বরাদ্দ নেওয়া, টিআর ও কাবিখা বিতরণে অনিয়ম ইত্যাদি আছে। এসব সাংসদের মধ্যে ৭৮ দশমিক ৭ শতাংশ বরাদ্দ অনুমোদন দিতে গিয়ে কমপক্ষে ৫ শতাংশ হারে কমিশন আদায় করেন। কিছু কিছু ক্ষেত্রে বেশি কমিশনের বিনিময়ে দলীয় কর্মীদের কাজ না দিয়ে অন্য দলের কর্মীদের দেওয়া হয়। এই সাংসদদের ৭০ দশমিক ৬ শতাংশ হত্যা, খাসজমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও প্রতারণার সঙ্গে জড়িত। এঁদের মধ্যে ৫৩ দশমিক ৫ শতাংশ সাংসদ নিজেরাই বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। এসব সাংসদের মধ্যে মাত্র ২৪ দশমিক ১ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে সাংসদের প্রভাবের কারণে সংশ্লিষ্ট থানা মামলা গ্রহণ করেনি। সাংসদদের ৬৯ দশমিক ২ শতাংশ জেলা পর্যায়ের সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কেনাকাটায় প্রভাব বিস্তার করে থাকেন। এঁদের মধ্যে ৭১ দশমিক ৭ শতাংশ সাংসদ নিজের, কিংবা আত্মীয়স্বজনের কিংবা অন্যের লাইসেন্স ব্যবহার করে ঠিকাদারি ব্যবসা পরিচালনা করেন। তাঁরা দরপত্র কিনতে বা জমা দিতে বাধা দেওয়া, সমঝোতার মাধ্যমে কাজ বণ্টনের সঙ্গে জড়িত। ৬২ দশমিক ২ শতাংশ সাংসদ নির্বাচনী আইন লঙ্ঘন এবং ৮ দশমিক ৪ শতাংশ সাংসদ মিথ্যা তথ্য দিয়ে প্লট বরাদ্দ নেওয়ার সঙ্গে জড়িত। এই প্রতিবেদন সম্পর্কে আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও সাংসদ আবদুল মতিন খসরু বলেন, ‘টিআইবির এই প্রতিবেদন উদ্দেশ্যমূলক। যে পদ্ধতিতে তারা সাংসদদের অভিযুক্ত করেছে, তা বিজ্ঞানসম্মত কোনো মানদণ্ড হতে পারে না। তারা কেন ৩৪৫ জন সাংসদের ওপর জরিপ করেনি? বাকি সাংসদদের ওপর জরিপ চালালে নিশ্চিতভাবে ইতিবাচক কাজের পরিমাণ আরও বাড়ত। কেন ৬০০-এর জায়গায় ছয় হাজার লোকের সাক্ষাৎকার নেওয়া হয়নি? টিআইবি নিজেদের ইচ্ছেমতো ধারণাভিত্তিক একটি প্রতিবেদন তৈরি করেছে। সুতরাং এটি গ্রহণযোগ্য নয়।’ তবে ভিন্নমত পোষণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাংসদ মওদুদ আহমদ বলেন, ‘টিআইবি যেসব অভিযোগ তুলেছে, তা সরকারি দলের জন্য প্রযোজ্য। বিরোধী দলের দু-চারজন থাকলেও তা আমলযোগ্য হবে না। সুতরাং এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। কারণ, আমরা ক্ষমতায় নেই। যা বলার সরকারি দল বলবে।’ ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেন, সংসদ ও সংসদ সদস্যদের ওপর মানুষের আস্থা নষ্ট করার জন্য টিআইবি এই প্রতিবেদন তৈরি করেছে। সাংসদদের কেউ কেউ অনিয়মের সঙ্গে জড়িত থাকতে পারেন। কিন্তু টিআইবি যে অভিযোগ করেছে, তা ঢালাও। এটা কোনো মানদণ্ডেই গ্রহণযোগ্য হতে পারে না। ইতিবাচক দিক: প্রতিবেদনে সাংসদদের ইতিবাচক দিকও তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ১৪৯ জন সাংসদের মধ্যে ৫৩ দশমিক ৭ শতাংশ কোনো না-কোনোভাবে ইতিবাচক কাজের সঙ্গে জড়িত। এদের মধ্যে মন্ত্রী/প্রতিমন্ত্রী ১৯ জন, ছয়জন নারী সাংসদ এবং বিরোধী দলের পাঁচজন সদস্যও আছেন। বলা হয়েছে, ৩৫ শতাংশ সাংসদ অবকাঠামো নির্মাণ, ভূমি বরাদ্দ, অনুদান বরাদ্দ, বিনা মূল্যে ওষুধ বিতরণ, চরাঞ্চলে চিকিৎসাসেবা, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করার কাজে ভূমিকা রেখেছেন। ৩১ দশমিক ৩ শতাংশ সাংসদ রাস্তা ও সেতু নির্মাণ, বিদ্যুৎব্যবস্থার উন্নয়নে ভূমিকা রেখেছেন। ১৮ দশমিক ৮ শতাংশ সাংসদ উপকূলীয় এলাকায় জলদস্যু নিয়ন্ত্রণ, লবণাক্ততা দূর, নদীভাঙন রোধ, পাটকল চালু করা ইত্যাদিতে ভূমিকা রেখেছেন। ১৭ দশমিক ৫ শতাংশ সাংসদ পরিবেশ রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও কর্মসংস্থানে ভূমিকা রেখেছেন। বিরোধী দলের ১৩ জনের মধ্যে আটজনের কোনো ইতিবাচক কাজ দেখা যায়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সাংসদদের বেশির ভাগের কাজে এলাকার মানুষ সন্তুষ্ট নয়। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বিরোধী দলের সদস্যরা পিছিয়ে। তবে বিরোধী দলের সদস্যরা এলাকায় সময় দেন বেশি। ১০ সুপারিশ: টিআইবির সুপারিশে বলা হয়েছে, সাংসদদের স্থানীয় প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ভূমিকা থেকে সরিয়ে আনতে হবে, যাতে তাঁরা সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারেন। সংসদে তাঁদের উপস্থিতি নিশ্চিত করতে হলে অনুপস্থিত থাকার সুযোগ কমিয়ে ৩০ দিন করতে হবে। বিরোধী দলের কার্যকর ও ন্যায়ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করতে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ করতে হবে। সরকারি হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটিসহ অন্তত ৫০ শতাংশ কমিটির সভাপতি বিরোধী দল থেকে করতে হবে। সংবিধানের ৭০ ধারা সংশোধন করে অনাস্থা প্রস্তাব, বাজেট এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত কিছু বিষয় ছাড়া বাকি বিষয়ে দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। সমস্যার কারণ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, সাংসদেরা সদস্যপদকে টাকা আয়ের উৎস হিসেবে ব্যবহার করেন। দলীয় ও ব্যক্তিগত পর্যায়ে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার অনুপস্থিতি এবং নেতিবাচক কাজে জড়িত সাংসদদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার ফলে ‘শাস্তি না হওয়ার সংস্কৃতি’ বিকশিত হয়েছে। টিআইবি নেতিবাচক কর্মকাণ্ডের কারণে সাংসদদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংসদে ‘আচরণবিধি বিল’ পাসেরও সুপারিশ করেছে। অনুষ্ঠানে টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, স্থানীয় উন্নয়নে জড়িত হওয়া সাংসদদের কাজ নয়। তাঁদের দায়িত্ব আইন ও নীতিমালা প্রণয়ন করা। তাঁদের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে নির্বাহী বিভাগ। কিন্তু তাঁরা যদি নির্বাহী বিভাগের দায়িত্ব পালন করেন, তখন আর কারোরই জবাবদিহি থাকে না। সে জন্যই দুর্নীতি হয়। এম হাফিজউদ্দিন খান বলেন, বিশ্বের কোথাও সংসদ বর্জনের ইতিহাস নেই। কেবল বাংলাদেশেই এটা সম্ভব। সাংসদেরা সংসদ বর্জন করলে এলাকার মানুষ বঞ্চিত হয়। তিনি বলেন, ‘আমাদের সুপারিশ হলো, যাঁরা সংসদ বর্জন করবেন, তাঁদের বেতন-ভাতা কেটে নেওয়া উচিত।’