১৫ আগস্ট জন্মদিন পালন না করতে খালেদার প্রতি মেজর আখতারের আহ্বান
বিএনপির সাবেক সাংসদ মেজর (অব.) আখতারুজ্জামান দল ও দেশের বৃহত্তর স্বার্থে এখন থেকে ১৫ আগস্ট তথাকথিত জন্মদিন পালন করা থেকে বিরত থাকতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার ফ্যাক্সযোগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে তিনি এ আহ্বান জানান।আখতারুজ্জামান বিবৃতিতে বলেন, এই জন্মদিন পালন নিয়ে যদি কোনো অপ্রীতিকর ঘটনার জন্ম হয়, তাহলে এর দায়-দায়িত্ব জন্মদিন পালনকারীকে বহন করতে হবে।মেজর আখতারুজ্জামান বলেন, ‘খালেদা জিয়া ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বৃহত্তর বরিশালের তত্কালীন একজন সাংসদের কুবুদ্ধিতে ১৫ আগস্ট নেত্রীর তথাকথিত জন্মদিন পালন শুরু হয়। ওই সাংসদ বর্তমানে আর নেত্রীর সঙ্গে নেই। সময়ের প্রেক্ষাপটে এখন ১৫ আগস্ট বাংলাদেশের মাটিতে ঘটা করে কারও জন্মদিন পালন করা শুধু অশালীন ও অসৌজন্যমূলকই নয়, এটা জনগণের বিশ্বাসের প্রতি অবমাননারই বহিঃপ্রকাশ।’আখতারুজ্জামান আরও বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার এবং বর্তমান সরকারের ঘোষিত জাতীয় শোক দিবসের দিন। এমন একটি শোকের দিনে বিরোধী দলের নেত্রীর ঘটা করে জন্মদিন পালন করে নেত্রী নিজেই জনগণের সামনে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, যা বিএনপির লাখ লাখ নেতা-কর্মীদের কাছে কাম্য নয়। বাসস।