প্রতিবছর ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়ে দায়ের করা মামলাটি প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের কাছে পাঠানো হয়েছে। আজ সোমবার বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠান।১৯৯৭ সালে অ্যাডভোকেট সরওয়ার্দী ওই তারিখে খালেদা জিয়ার জন্মদিন পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিম্ন আদালতে একটি মামলা করেছিলেন। পরে খালেদা জিয়া মামলাটি খারিজের আবেদন করেন। ১৯৯৯ সালের ১৬ সেপ্টেম্বর নিম্ন আদালত তাঁর আবেদনটি খারিজ করে দেন। এই খারিজ আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে খালেদা জিয়া হাইকোর্টে রিভিশন দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ নিম্ন আদালতের মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন।গত বছরের ১৪ নভেম্বর খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টের ওই আদালতে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা প্রকাশ করে একটি আবেদন করেন।আজ সোমবার এ আবেদনের ওপর শুনানি শেষে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।সরওয়ার্দীর আইনজীবী ফরিদুল আলম তালুকদার প্রথম আলোকে বলেন, ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনসংক্রান্ত মামলাটি হাইকোর্টের একক বেঞ্চ পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন।