১৫ আগস্ট জন্মদিন পালনে বিরত থাকুন: মেজর আখতার
বিএনপির সাবেক সাংসদ মেজর (অব.) আখতারুজ্জামান ১৫ আগস্ট জাতীয় শোকদিবসে জন্মদিন পালন করা থেকে বিরত থাকার জন্য বিরোধী দলের নেতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।আজ বেগম খালেদা জিয়ার প্রতি দেওয়া এক চিঠিতে তিনি এ আহ্বান জানান। আখতারুজ্জামান ফ্যাক্সযোগে যোগে এ চিঠির অনুলিপি গণমাধ্যমেও পাঠিয়েছেন।চিঠিতে মেজর আখতার বলেন, ‘আগামী ১৫ আগস্ট জাতি যথাযথ মর্যাদায় সাংবিধানিকভাবে স্বীকৃত প্রথমবারের মতো দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত ও জাতীয় শোকদিবস পালন করতে যাচ্ছে। অতীতে আমরা যা-ই কিছুই করি না কেন, এখন যদি জাতির পিতার শাহাদাত দিবসে কেউ জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠান ঘটা করে পালন করতে যায়, তাহলে অবশ্যই তা সংবিধান অবমাননা ও সংবিধানকে অস্বীকার করার শামিল হবে।’মেজর আখতার বলেন, এ ধরনের সংবিধান অবমাননা করলে জনগণের একটি অংশ ও উচ্চ আদালত ভালো চোখে দেখবেন না। বর্তমান সরকার এ থেকে পূর্ণ রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করবে। তাই বিএনপি তথা জনগণের বৃহত্ অংশের স্বার্থে ও কল্যাণে এবং জাতীয়তাবাদী রাজনীতিকে কলঙ্ক ও কলুষমুক্ত করার লক্ষ্যে এখন থেকে ১৫ আগস্ট জন্মদিন পালন করা থেকে বিরত থাকবেন। এটাই সবারই প্রত্যাশা বলে তিনি উল্লেখ করেন।বেগম জিয়ার উদ্দেশে মেজর আখতার আরও বলেন, ‘আপনি যত একান্তেই ১৫ আগস্ট আপনার জন্মদিন পালন করেন না কেন, আপনার ব্যক্তিত্বের কারণেই এই দিনটির গুরুত্ব অনেক বেড়ে যায়, যার ফলে এখন থেকে এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠবে। কাজেই দেশের শান্তি ও সুরাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৫ আগস্ট জন্মদিন পালন করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে পরের দিন ঘটা করে সারা জাতিকে দাওয়াত দিয়ে জাতীয় পর্যায়ে জন্মদিন অনুষ্ঠান করুন। আমার মনে হয়, এতে সারা জাতি অনেক বেশি আনন্দিত ও খুশি হবে।’মেজর আখতার তাঁর এ আহ্বানের জন্য চিঠিতে আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছেন। তিনি চিঠিতে বেগম জিয়ার উদ্দেশে আরও বলেন, গত ৪ আগস্ট তাঁর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো অবশ্যই প্রশংসনীয়, অনুকরণীয় এবং ধন্যবাদযোগ্য। কিন্তু এ আমন্ত্রণ রাজনৈতিক বিবেচনায় বেগম জিয়ার ভুল সিদ্ধান্ত ছিল বলে মেজর আখতার উল্লেখ করেন।মেজর আখতার বলেন, বিএনপি ২০০৮ সালের নির্বাচনকে মেনে নেয়নি এবং নির্বাচনের ফলাফলকেও মেনে নেয়নি। এ ছাড়া এরই মধ্যে বিএনপি সরকারকে ব্যর্থ ও অবৈধ হিসেবে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানিয়ে হরতালসহ আন্দোলন কর্মসূচি পালন করে আসছে। তিনি বেগম জিয়াকে বলেন, ‘আপনার সব পদক্ষেপে ও রাজনৈতিক সিদ্ধান্ত অবশ্যই শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেওয়ার লক্ষণ নয়, কিন্তু আপনি পূর্বাপর চিন্তা ও এর রাজনৈতিক পরিণতি না ভাবিয়া আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতার মাহফিলে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সকল আন্দোলন, হরতাল ও বিক্ষোভ অসার রাজনৈতিক পদক্ষেপ হিসেবে পরিণত হয়েছে।’মেজর আখতার বলেন, ‘এ দাওয়াতের সঙ্গে সঙ্গে আপনি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী, তাঁর সরকার, ২০০৮ সালের নির্বাচন, বর্তমান সংসদ এবং সরকার ও সংসদীয় সকল কার্যক্রমকে মেনে নিয়েছেন। আপস করা ভালো, এতে সুবিধা অনেক বেশি। কিন্তু আপনি আপসহীন নেত্রী হিসেবে জনগণের কাছে বিশাল পাওয়ার পরে এখন যেভাবে আপসের নামে গলায় গামছা, অলি-চৌধুরীদের রশির প্যাঁচে পড়ছেন, তা জনগণ ভালো চোখে দেখছে না। এখন আপনাকে আপস আর মানায় না। আগামী দিনে কঠিন সংগ্রামের পথে একাই জিয়ার আদর্শকে নিয়ে এগিয়ে যেতে হবে।’মেজর আখতার বেগম জিয়াকে আরও বলেন, ইফতার মাহফিলে দাওয়াতের সঙ্গে সঙ্গে বর্তমান সংসদে সংবিধানে পঞ্চদশ সংশোধনও মেনে নেওয়া হয়েছে। ফলে অবশ্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও মেনে নেওয়া হয়েছে। কারণ তিনি এখন সাংবিধানিকভাবে জাতির পিতা এবং এ দেশের নাগরিক হিসেবে যতক্ষণ না সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধন না করা যাবে, ততক্ষণ পর্যন্ত বেগম জিয়াসহ সবাইকে এ সংশোধন মেনে চলতে হবে।’মেজর আখতার বলেন, ‘বর্তমান সংবিধান মতে পনেরই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত দিবস এবং সেই আলোকে এই দিন জাতীয় শোকদিবস। এই দিন ঘটা করে কারও জন্মদিন, বিয়ে বার্ষিকী বা প্রকাশ্যে আনন্দ উল্লাস করা শুধুমাত্র নৈতিকতা-বিবর্জিত, নিন্দনীয় বা দৃষ্টিকটুই নয়, সংবিধানের দৃষ্টিতে এই ধরনের অনুষ্ঠান সংবিধানের প্রতি অবজ্ঞা প্রদর্শন ও সংবিধান অবমাননার শামিল।’মেজর আখতার, এরই মধ্যে সংবিধান সম্বন্ধে বেগম জিয়ার একটি অসাংবিধানিক মন্তব্য দলকে উচ্চ আদালতের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে। যে কারণে আজকে সারা দেশে এক অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে।চিঠিতে মেজর আখতার বলেন, দুর্ভাগ্যজনক হলেও এ কথা সত্যি যে সাংগঠনিক দুর্বলতার কারণে এসব ঘটনার দায়-দায়িত্ব বেগম জিয়ার কাঁধেই বর্তাচ্ছে এবং বর্তমান সরকার পুরোপুরি এর রাজনৈতিক সুবিধা গ্রহণ করছে।বাসস থেকে চিঠির বিষয়ে মেজর (অব.) আখতারুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চিঠিটি এরই মধ্যে বিরোধী দলের নেতা বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি প্রচারের জন্য এর কপি দেশের সব মিডিয়াও ফ্যাক্সযোগে পাঠানো হয়েছে। বাসস।