১৫ আগস্টের খুনিদের সহযোগীদের ঘৃণা করুন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ সালের ১৫ আগস্টের খুনিদের সহযোগীদের ঘৃণা করার জন্য আগামী প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার রাজধানীতে আয়োজিত শেখ রাসেলের ৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।শেখ হাসিনা বলেন, রাসেলের খুনি ও তাদের দোসরদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করতে হবে। তিনি বলেন, স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের ঘরে জন্ম নেওয়ার কারণেই রাসেলকে অত্যন্ত অল্প বয়সে জীবন দিতে হয়েছে। ১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নিতেই মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এ নির্মম হত্যাকাণ্ড ঘটায়।শেখ হাসিনা বলেন, ‘আমরা পৃথিবীর কোথাও ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম ঘটনা এবং শিশু রাসেলকে কচি বয়সে যে নির্যাতন সহ্য করতে হয়েছিল তার পুনরাবৃত্তি দেখতে চাই না।’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারকাত এবং পরিষদের মহাসচিব মাহমুদুস সামাদ চৌধুরী।প্রধানমন্ত্রী শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, গান ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বাসস।