বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর ওরফে বাবু হত্যা মামলায় বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেনসহ ১৫ আসামির জামিন নামঞ্জুর করেছেন নাটোরের দায়রা জজ আদালত। আজ বুধবার দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।নাটোর দায়রা জজ আদালতের সূত্র জানায়, দুপুরে দায়রা জজ আদালতে সানাউল্লাহ নূর হত্যা মামলার কারাবন্দি আসামি কে এম জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা, অধ্যক্ষ আবদুর রাজ্জাক ও ছাত্রলীগের সাবেক নেতা মোয়াজ্জেম হোসেনের পক্ষে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করা হয়।আইনজীবী সাজেদুর রহমান খান আদালতকে জানান, আসামিরা সমাজের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বে রয়েছেন। তাঁরা হাইকোর্ট থেকে জামিনেও ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালত তাঁদের হাজতে নিয়েছেন। এ সময় বাদীপক্ষে সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম জামিন আবেদনের বিরোধিতা করেন। পরে আদালত আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।একই সময় অন্য ১১ আসামি রাপ্পু, বাদশা, আশরাফুল, লুত্ফর, রেজাউল, হাসেম মৃধা, গৌতম, মালেক, হাবিব, বাবলু ও বাবু মোল্লার পক্ষেও জামিনের আবেদন করা হয়। কিন্তু আদালত তাঁদের আবেদনও নামঞ্জুর করেন। তবে আদালত উভয় আবেদনের ব্যাপারে পূর্ণাঙ্গ শুনানির জন্য নিম্ন আদালতের নথি তলব করেন এবং আগামী মাসে শুনানির দিন ধার্য করেন।প্রসঙ্গত, গত বছরের ৮ অক্টোবর সকালে বনপাড়া বাজারে দুর্বৃত্তরা বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূরকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় তাঁর স্ত্রী মহুয়া নূর বাদী হয়ে কে এম জাকির হোসেনসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেন।মামলায় আসামিরা হাইকোর্ট থেকে বিভিন্ন মেয়াদে অস্থায়ী জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে ২০ নভেম্বর তাঁরা বড়াইগ্রাম আমলি আদালতে হাজির হয়ে সময়ের আবেদন করেন। আদালত সেই আবেদন নামঞ্জুর করে সব আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ আসামিরা এই আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।