১৫ এপ্রিল সড়ক-রেল-নৌপথ অবরোধের ডাক উপজেলা চেয়ারম্যানদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে। আজ মঙ্গলবার ৩০ মার্চ পর্যন্ত সরকারকে দেওয়া সময়ের মধ্যে তাঁদের ১০ দফা দাবি পূরণের ক্ষেত্রে কোনো অগ্রগতি না হওয়ায় পরিষদের নেতারা এ কর্মসূচি ঘোষণা করেছেন। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন পালন শেষে তাঁরা এ ঘোষণা দেন।পরে পরিষদের সদস্যরা একটি মিছিল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁদের স্মারকলিপি দিতে তাঁর কার্যালয়ের উদ্দেশে রওয়ানা হলে পুলিশ প্রথমে তাঁদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে বাধা দেয়। ওই বাধা পেরিয়ে মিছিলটি শাহবাগের শিশুপার্কের সামনে এলে পুলিশ তাঁদের আর এগোতে দেয়নি। শেষ পর্যন্ত পরিষদের সাত-আটজন নেতা স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।এর আগে ২৭ মার্চ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে পরিষদের নেতারা উপজেলা পরিষদকে কার্যকর ও স্থানীয় সরকারকে শক্তিশালী করাসহ তাঁদের ১০ দফা দাবি পূরণের জন্য সরকারকে ৩০ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। এ সময়ের মধ্যে দাবি পূরণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকিও দিয়েছিলেন তাঁরা। গত ৫ জানুয়ারি রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করে পরিষদের নেতারা প্রথম তাঁদের দাবিগুলো জনসমক্ষে পেশ করেন। সেসব দাবি আদায়ের লক্ষ্যে পরিষদ ১ মার্চ দেশের সব উপজেলায় এবং ১৫ মার্চ সব জেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেন।