১৫ ও ২১ আগস্টের ঘাতকরা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ’৭৫-এর ঘাতকদের পুরস্কৃত করেছে, একুশে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের বিরোধীতা করেছে তারা এখন দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। তিনি সব ধরনের চক্রান্ত মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই এই চক্রান্ত করা হচ্ছে। যত চক্রান্ত হোক বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই। আসন্ন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী ও নেতা-কর্মীরা আজ রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশে অসাংবিধানিক শাসন প্রতিষ্ঠিত থাকার কারণে দেশ ও জাতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। তিনি আগামীতে আর যাতে দেশে অসাংবিধানিক শাসন ব্যবস্থা আসতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং সাবেক বিচারপতি মনসুরুল হক চৌধুরীও বক্তৃতা করেন। খবর বাসসের।