১৫ গ্রামের মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা-ল্যাংড়ার বাজার সড়কে পানিনিষ্কাশন নালার ওপর সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। নিজেদের উদ্যোগে গড়ে তোলা বাঁশের সাঁকো দিয়ে দীর্ঘদিন ধরে লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করছে। ফলে ওই এলাকার ১৫ গ্রামের মানুষকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।সরেজমিনে জানা গেছে, উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা, বাহাগিলি, ল্যাংড়ার বাজার, বিষ্ণুপুর এবং পাশের উপজেলা পীরগাছার ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা, পশুয়া, জগদীশ, বাগবাড়ি, শ্রীকান্ত, নরসিংহসহ প্রায় ১৫ গ্রামের কয়েক হাজার মানুষ দীর্ঘদিনেও ওই স্থানে পাকা সেতু নির্মিত না হওয়ায় সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। এ ছাড়া সাঁকোর উভয় পাশে প্রায় এক কিলোমিটার করে রাস্তা সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমনকি ওই পথে রিকশা-ভ্যানও চলাচল করতে পারে না। শুকনো মৌসুমে বাঁশের সাঁকোটি ব্যবহার করা গেলেও বর্ষাকালে তা ভেঙে গিয়ে যোগাযোগ-ব্যবস্থা বন্ধ হয়ে যায়। তখন পারাপারে একমাত্র ভরসা কলাগাছের ভেলা। লোকজন ভেলায় পারাপার হলেও উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিয়ে বিক্রি করতে দুর্ভোগের শেষ থাকে না। সাতভিটা গ্রামের কৃষক আজিজার রহমান (৬৫) জানান, সংযোগ রাস্তা সংস্কার এবং সেতু নির্মিত না হওয়ায় কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। একই গ্রামের শিক্ষক আবদুল মজিদ জানান, সেতুর অভাবে জরুরি রোগী হাসপাতালে নিতে তাঁদের খুব অসুবিধা হয়। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও নানা বিড়ম্বনায় পড়তে হয়। রিকশাচালক হাফিজার জানান, সরু রাস্তা আর সেতু না থাকায় পাঁচ-ছয় কিলোমিটার পথ ঘুরতে হয়। স্থানীয় ইউপি সদস্য মোহর আলী জানান, ওই স্থানে সেতু নির্মাণ ও রাস্তা সংস্কারের বিষয়টি ইউনিয়ন পরিষদে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। এ ব্যাপারে কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহির উদ্দিন জানান, জনগুরুত্বপূর্ণ ওই এলাকায় রাস্তা সংস্কারসহ নালার ওপর পাকা সেতু নির্মাণ করা অত্যন্ত জরুরি। শিগগিরই ইউনিয়ন পরিষদের উদ্যোগে রাস্তাসহ সেতুটি নির্মাণ করা হবে।