১৫ ঘণ্টা পর তীরে সোনারগাঁও
টেকনাফ-সেন্টমার্টিন রুটে প্রায় দেড় হাজার পর্যটক নিয়ে সাগরে আটকা পড়া এফভি সোনারগাঁও জাহাজটি ১৫ ঘণ্টা পর নিরাপদে টেকনাফ ফিরে এসেছে। আজ শুক্রবার সকাল সাতটার দিকে জাহাজটি তীরে ভিড়ে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার পথে সাগরের মাঝখানে জাহাজটির দুটি ইঞ্জিন বিকল হয়ে যায়। রাত নয়টার দিকে জাহাজের একটি ইঞ্জিন চালু হলে আবার যাত্রা শুরু করে। তবে রাতের আঁধারে জাহাজটি পথ হারিয়ে একটি চরে আটকা পড়ে।প্রশাসন ও বিজিবি সূত্রে জানা গেছে, খবর পেয়ে রাতেই টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসানের নেতৃত্বে চারটি অনুসন্ধান দল তিনটি স্পিডবোটে করে জাহাজটির খোঁজে সাগরে অনুসন্ধান চালায়। রাত সাড়ে ১১টার দিকে শাহপরীর দ্বীপ বদরমোকাম এলাকার চরে জাহাজের খোঁজ পাওয়া যায়। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ইউএনও, বিজিরি কর্মকর্তা, কোস্টগার্ড ও পুলিশের কর্মকর্তারা জাহাজে অবস্থান নেন। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে জোয়ার এলে জাহাজটি টেকনাফের উদ্দেশে রওনা হয়। সকাল সাতটার দিকে আটকা পড়া পর্যটকেরা দমদমিয়া জেটিঘাট দিয়ে ফিরতে শুরু করেন।পরে পর্যটকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ত্রুটিপূর্ণ জাহাজ চালু করে পর্যটকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তাই এই রুটের জাহাজগুলো চলাচলের উপযোগী কি না—তা খতিয়ে দেখার জন্য তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।টেকনাফে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলো অনলাইনকে বলেন, সেন্টমার্টিন থেকে ছাড়ার সময় জাহাজটির ত্রুটি দেখা দিলেও চালকের উদাসীনতার কারণে এ অবস্থা সৃষ্টি হয়। তিনি আরও বলেন, জাহাজটিতে দেড় হাজারের মতো পর্যটক ছিল। অতিরিক্ত পর্যটক পরিবহনের ফলে জাহাজটি বিকল হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।টেকনাফের ইউএনও আ ন ম নাজিম উদ্দিন বলেন, এ ব্যাপারে জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।