ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি হবে আগামী ১৫ জানুয়ারি।গতকাল বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের বেঞ্চ দুই আসামির প্রতি নোটিশ জারি থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন মঞ্জুর করে এ সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন।পলাতক এই দুই আসামি হলেন—দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধা। তাঁদের পক্ষে মামলা পরিচালনায় আইনজীবী আবদুল্লাহ আল মামুনকে নিয়োগ দিয়েছেন আদালত।গত ৪ নভেম্বর আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির জন্য ১১ ডিসেম্বর (মঙ্গলবার) দিন ধার্য করেছিলেন। সেদিন রাষ্ট্রপক্ষ পলাতক দুই আসামির প্রতি নোটিশ জারি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করে। গতকাল এ আবেদনের ওপর শুনানি হয়।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আইনজীবী আনিসুল হক মামলা পরিচালনা করেন। জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে মো. নাসিম আদালতে উপস্থিত ছিলেন।পরে আইনজীবী আনিসুল হক সাংবাদিকদের জানান, পলাতক দুই আসামিকে নোটিশ দেওয়া থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন আদালত মঞ্জুর করেছেন। নথি পর্যালোচনা করে দেখা যায়, তিনবার ওই আসামিদের প্রতি নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু ওই ঠিকানা থেকে তা ফেরত এসেছে। তিনি বলেন, ‘আসামিপক্ষে মামলা পরিচালনার জন্য দুজন আইনজীবীর নাম প্রস্তাব করেছিলাম। এই মামলায় ইতিপূর্বে তাঁরা আসামিপক্ষের আইনজীবী ছিলেন। তাঁদের একজন তাৎক্ষণিকভাবে অপারগতা জানালে আদালত আইনজীবী আবদুল্লাহ আল মামুনকে নিয়োগ দেন। ১৫ জানুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি মুলতবি করেছেন আদালত। ওই দিন থেকে আপিলের শুনানি হবে বলে আশা করছি।’যোগাযোগ করা হলে আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘আসামিপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনায় রাজি আছি।’১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে হত্যা করা হয়। এ ব্যাপারে পরদিন লালবাগ থানায় একটি হত্যা মামলা করা হয়। ২০০৪ সালের ২০ অক্টোবর মহানগর দায়রা জজ আদালত এই মামলার রায় দেন। রায়ে পলাতক আসামি রিসালদার মোসলেহ উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ডাদেশ এবং অপর ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।২০০৮ সালের ২৮ আগস্ট হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামি মারফত আলী শাহ ও আবুল হাশেম মৃধাকে বেকসুর খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ড বহাল রাখা হয় মোসলেহ উদ্দিনের। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া ১২ জনের মধ্যে চারজনকে অব্যাহতি দেওয়া হয়।এ রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর আপিল বিভাগে পৃথক লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। গত বছরের ১১ জানুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন। একই সঙ্গে মারফত আলী শাহ ও আবুল হাশেম মৃধাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষ আপিলের সারসংক্ষেপ গত ১ নভেম্বর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেয়। এতে আসামিদের খালাস করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল ও বিচারিক আদালতের দেওয়া সাজা বহাল রাখার আরজি জানানো হয়। ৪ নভেম্বর শুনানির দিন নির্ধারণের জন্য রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।জেলহত্যা মামলায় হাইকোর্টে অব্যাহতি পাওয়া চারজন সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদের ইতিমধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসি কার্যকর হয়েছে।