কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ১৫ ডিসেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তার অভিযান শুরু হচ্ছে। আজ সোমবার নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার নেতৃত্বে এক সভায় এ কথা জানানো হয়।সভায় বলা হয়, ২৮ ডিসেম্বরের মধ্যে সেখানকার বৈধ অস্ত্রধারীদের অস্ত্র থানায় জমা দিতে হবে। নির্বাচনের সময় কুমিল্লার সীমান্তবর্তী আখাউড়া, চৌদ্দগ্রাম ও কসবায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫০০ সদস্য দায়িত্ব পালন করবেন। সাধারণ কেন্দ্রে ২২ জন, গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২৪ জন করে পুলিশ ও আনসারের সদস্য থাকবে। প্রতিটি কেন্দ্রের বাইরে র্যাবের আটজনের দল কাজ করবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে পুলিশ ও র্যাব।প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন মোট ৬৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।সভায় দুই নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, র্যাবের মহাপরিচালক (ডিজি) মোখলেসুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।