বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বাতিলের আবেদন ১৫ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ সময়ে কোনো ধরনের মুলতবির আবেদন না করতেও বলা হয়েছে।বিচারপতি খন্দকার মূসা খালেদের নেতৃত্বাধীন বেঞ্চে বিষয়টি শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন আদালত। আজ সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ আদেশ দেন।এর আগে ২০০৮ সালের ৩ জুলাই খালেদা জিয়া ও তারেক রহমানসহ সাতজনের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি বাতিলে খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১৫ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। ওই রুল বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রয়েছে।ওই আদালতে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে খালেদা জিয়া আবেদন করলে ৩০ নভেম্বর তা খারিজ করা হয়। খালেদা জিয়া এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার বিচারপতির কাছে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ৯ ডিসেম্বর বিষয়টি ১১ ডিসেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আজ আবেদনের ওপর শুনানি হয়। আদালত আবেদনটি নিষ্পত্তি করে দিয়ে এসব আদেশ দেন।আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী রফিক-উল হক, মওদুদ আহমেদ, মাহাবুব উদ্দিন খোকন ও এম বদরুদ্দোজা। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও দুদকের পক্ষে আনিসুল হক ও খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।মাহাবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বাতিলের আবেদন ১৫ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।