১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত আদমশুমারি: পরিকল্পনামন্ত্রী
আগামী ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত সারা দেশে পঞ্চম আদমশুমারি ও গৃহ গণনা শুরু হবে। তবে ১৪ মার্চ দিবাগত রাত, অর্থাত্ ১৫ মার্চ শূন্য মুহূর্ত থেকে ভোর ছয়টা পর্যন্ত শুধু ভাসমান লোকদের গণনা করা হবে। আজ বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এসব তথ্য জানান। তিনি আদমশুমারি ও গৃহ গণনার কাজে সহযোগিতা করার জন্য সাংসদদের অনুরোধ জানান।বিবৃতিতে মন্ত্রী বলেন, ভাসমান বলতে যারা রেলস্টেশন, বাসস্টেশন, লঞ্চঘাট ও ফুটপাতে রাতযাপন করে, তাদের বোঝানো হবে। এর মাধ্যমে দেশের নারী-পুরুষের সংখ্যা, তাদের বয়স, শিক্ষা, বৈবাহিক অবস্থা, ধর্ম, কাজের ক্ষেত্র ইত্যাদি সম্পর্কে জানা যাবে। এ ছাড়া জানা যাবে সারা দেশে কতটি কী ধরনের ঘর আছে, খাবার পানির উত্স কী, পয়োব্যবস্থা কী ধরনের এবং বিদ্যুত্সংযোগ আছে কি না।এ কে খন্দকার বলেন, শুমারিতে তথ্য সংগ্রহের জন্য তিন লাখ ১০ হাজার গণনাকারীকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রত্যেক গণনাকারী গড়ে ১২০টি খানায় গণনা করবেন। কোনো মানুষ যাতে গণনা থেকে বাদ না যান, সে জন্য গণনাকারীরা তাঁদের নির্ধারিত এলাকার মানচিত্র ধরে কাজ করবেন।মন্ত্রী জানান, গণনাকারীদের কাজ তত্ত্বাবধানের জন্য মাঠ পর্যায়ের ৫০০ জন কর্মকর্তা ছাড়াও সংস্থাপন মন্ত্রণালয় থেকে ২৮ জন উপসচিবকে সংযুক্ত করা হয়েছে। এবারের শুমারিকে গ্রহণযোগ্য করার জন্য একটি সংস্থার মাধ্যমে শুমারি-পরবর্তী জরিপ চালানো হবে। শুমারির ১৩৫টি প্রতিবেদন দুই বছরের মধ্যে প্রকাশ করা হবে। তবে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে তিন মাসের মধ্যে এবং জাতীয় প্রতিবেদন প্রকাশ করা হবে ১৮ মাসের মধ্যে।