১৫ দিন সব রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখুন: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘দয়া করে ১৫ দিন সব রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখুন। আমরা বেঁচে থাকলে বহু কর্মসূচি পালন করতে পারব। সাভারের ভবনধসের উদ্ধারকাজ শেষ হওয়ার পর আপনারা কর্মসূচি দেবেন।’ আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক লীগের যৌথ সভায় বিরোধী দলসহ সব রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতি এ আহ্বান জানান হানিফ। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে হানিফ বলেন, ‘এই ভবনধসের ঘটনায় কারা জড়িত, কোন কোন নির্মাণপ্রতিষ্ঠান জড়িত, তাদের খুঁজে বের করুন।’ তিনি বলেন, ‘অনেক সময় দেখা যায়, এ ধরনের ঘটনায় দায়ীরা ছাড়া পেয়ে যায়। অন্তত এ ঘটনায় কেউ যেন ছাড় না পায়, সবাই যেন শাস্তির আওতায় আসে। এটি যেন আগামী দিনে বাংলাদেশের জন্য নজির সৃষ্টি হয়ে থাকে, সে জন্য ব্যবস্থা নিন।’ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ আরও বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনার পর এখনো উদ্ধারকাজ চলছে। আওয়ামী লীগের পক্ষ থেকে আমি সব সামরিক, বেসামরিকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই।’ এ ছাড়া রক্তদান করে সহায়তা করায় ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনকে ধন্যবাদ জানান হানিফ। শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে যৌথ সভায় আগামী পয়লা মে গাজীপুরে বেলা তিনটায় একটি শ্রমিক সমাবেশের কর্মসূচি নেওয়া হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে সভা থেকে জানানো হয়।