১৫ দিনেও আলেয়া হত্যার মূল সন্দেহভাজন গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৫ দিনেও মিরপুরের আলেয়া বেগম হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন বাড়ির মালিক বদিউজ্জামানকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আলেয়াকে ফ্ল্যাটের মালিকানা থেকে বঞ্চিত করে তা দখল করতেই বদিউজ্জামানের উদ্যোগে তাঁকে খুন করা হয় বলে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন। নিহত আলেয়ার স্বজনেরা মামলাটির তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে দেওয়ার দাবি জানিয়েছেন।বদিউজ্জামানকে ‘হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন’ উল্লেখ করে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘তিনি গা ঢাকা দিয়েছেন। তবে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ওসি জানান, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া বদিউজ্জামানের ছেলে এস এম আসলাম কারাগারে আছেন।ওসি আবদুল লতিফ বলেন, তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে, আলেয়ার ছয়তলার ফ্ল্যাটটি দখল করতেই তাঁকে হত্যা করা হয়। হত্যার পর ওই ফ্ল্যাটের বায়না ও চুক্তিপত্র নিয়ে গেছে খুনিরা। ওসি বলেন, এর পেছনে বাড়ির মালিক বদিউজ্জামানের হাত রয়েছে। বদিউজ্জামান ফ্ল্যাটের দাম হিসেবে ১৬ লাখ টাকা নিলেও দলিল দিতে টালবাহানা করছিলেন। তদন্তের সঙ্গে যুক্ত সূত্র বলেছে, আলেয়ার একমাত্র সন্তান তাহমিনা আক্তার যাতে ফ্ল্যাটটি দাবি করতে না পারে, সে জন্যই বায়না ও চুক্তিপত্র লুট করেছে খুনিচক্র। তাহমিনা শাহ আলী বালিকা বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ে। গত ৩ অক্টোবর মিরপুর ১ নম্বর সেকশনের ডি ব্লকের ফ্ল্যাট বাড়ি থেকে গৃহবধূ আলেয়া বেগমের (৩৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। বাসা থেকে নগদ অলংকারসহ ছয় লাখ ৩০ হাজার টাকার মালামাল ও মৌলভীবাজারের কুলাউড়ার সম্পত্তির দলিলপত্রও খোয়া যায়। মাকে হারিয়ে তাহমিনা আক্তার এখন অসহায়। স্বজনেরা জানান, সে প্রায়ই কান্নাকাটি করে। গতকাল দুপুরে তাদের ফ্ল্যাটে এ প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময়ও তাহমিনা কান্নায় ভেঙে পড়ে। সে বিলাপ করে বলে, ‘এখন আমার কেউ নেই। বাবা মারা গেছে, মা-ও চলে গেল। শেষ আশ্রয়টুকু রইল না আমার।’তাহমিনা এখন তার খালা জহুরার বাসায় থাকে। তবে মাঝে মাঝে নিজেদের ফ্ল্যাট দেখতে আসে।তাহমিনা জানায়, খুনের দিন দুপুরে সে বাইরে থেকে বাসায় ফিরে তাদের ফ্ল্যাটের সামনে বাড়ির মালিক বদিউজ্জামানকে দাঁড়িয়ে থাকতে দেখে। এ সময় দরজায় বাইরে থেকে সিটকিনি লাগানো ছিল। বদিউজ্জামান তাহমিনার কাছে তার মা কোথায় জানতে চান। তাহমিনা বলে, এরপর সে সিটকিনি খুলে ভেতরে ঢুকলে পেছনে পেছনে বদিউজ্জামানও ভেতরে যান। শোবার ঘরে ঢুকতেই মায়ের হাত-পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো দেখে তাহমিনা চিৎকার দেয়। বদিউজ্জামান তখন ‘ডাকাত! ‘ডাকাত!’ বলে চেঁচাতে থাকেন। তিনি ‘ইন্না লিল্লাও’ পড়েন।তাহমিনা জানায়, ফ্ল্যাট কেনার কথা কাউকে না জানাতে বদিউজ্জামান তার মাকে পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ফ্ল্যাট দলিল করে না দিয়ে কিছুদিনের মধ্যে টাকা ফেরত দেবেন। আলেয়ার বোন জহুরা বেগম প্রথম আলোকে বলেন, ফ্ল্যাট দলিল করে দেওয়ার কথা বলা হলে বদিউজ্জামানের স্ত্রী তাঁকে বলেছেন, বদিউজ্জামানকে হত্যার অভিযোগ থেকে মুক্ত না করে দিলে ১০ বছরেও ফ্ল্যাটের দলিল হবে না। জহুরা বলেন, তাঁরা আলেয়ার কেনা ওই ফ্ল্যাটে তাহমিনাকে নিয়ে থাকতে চান। কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে জহুরা শাহ আলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। প্রথম আলোর সঙ্গে কথা বলার সময় মামলার বাদী আলেয়ার ভগ্নিপতি নজরুল ইসলাম অভিযোগ করেন, ফ্ল্যাট দখলে নিতেই বদিউজ্জামান এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তা ছাড়া বদিউজ্জামান তাঁর শ্যালকের সঙ্গে তাহমিনার বিয়েরও প্রস্তাব দিয়েছিলেন। আলেয়া ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি ক্ষুব্ধ হন। বদিউজ্জামানের ভায়রার ছেলেও তাহমিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি করেন আলেয়ার ভগ্নিপতি। তাঁর মতে, এসবের মূল উদ্দেশ্য ছিল ফ্ল্যাটটি দখলে নেওয়া।