ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বিচ্ছিন্ন
১৫ দিনের মধ্যে রেল সেতুর নির্মাণ শেষ করতে নির্দেশ
চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের সরাসরি রেল যোগাযোগ স্থাপন করতে রেলওয়ে কর্তৃপক্ষকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। আপাতত চট্টগ্রাম স্টেশনের পরিবর্তে সীতাকুণ্ড থেকে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল অব্যাহত থাকবে। প্রবল বর্ষণের কারণে সীতাকুণ্ডের কুমিরা ও ভাটিয়ারি স্টেশনের মাঝামাঝি একটি রেল সেতু ধসে যাওয়ায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।রেলওয়ের কর্মকর্তারা জানান, আজ বুধবার সকাল থেকে রেলের প্রকৌশলীরা সেতু ও ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারের কাজ শুরু করেছেন। তাঁদেরকে সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা।ক্ষতিগ্রস্ত রেল সেতু ও লাইনের সংস্কারকাজ দেখতে বিকেলে ঘটনাস্থলে যান যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ক্ষতিগ্রস্ত সেতু ও লাইন দেখেন এবং দ্রুত সংস্কারকাজ শেষ করতে রেলওয়ে প্রকৌশলীদের নির্দেশ দেন।ওবায়দুল কাদের এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা ঢলে সীতাকুণ্ড এলাকায় একটি রেল সেতু ও লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আমরা আপাতত সীতাকুণ্ড থেকে ঢাকা ও সিলেট রুটে ট্রেন চলাচল শুরু করেছি। তবে আগামী ১৫ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত সেতু ও লাইনের সংস্কারকাজ শেষ হয়ে যাবে। এতে সাময়িক অসুবিধার জন্য আমি ব্যক্তিগতভাবে যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করছি।’ জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. তাফাজ্জল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘ধসে যাওয়া রেল সেতু নির্মাণ ও লাইন সংস্কার করতে মন্ত্রী মহোদয় আমাদের ১৫ দিন সময় দিয়েছেন। এর আগেই আমরা কাজ শেষ করার চেষ্টা করব। নতুন করে সেতু নির্মাণ করতে সময় লেগে যাচ্ছে।’তাফাজ্জল হোসেন আরও বলেন, আমরা ক্ষতিগ্রস্ত এলাকায় বিকল্প পথ তৈরিরও চেষ্টা করছি, যাতে আরও দ্রুত সময়ের মধ্যে রেল যোগাযোগ পুনস্থাপন করা যায়। বিকল্প পথ তৈরি করতে বেশি সময় লাগবে না। কারণ, একটানা ১৫ দিন রেল যোগাযোগ বিচ্ছিন্ন রাখা উচিত হবে না। রেলের প্রকৌশলীরা জানান, চট্টগ্রাম থেকে চিনকি আস্তানা পর্যন্ত দুটি লাইন রয়েছে। মঙ্গলবার একটি লাইনের সেতু প্রায় দুই ফুট দেবে গেছে। অন্যটি পুরোপুরি ধসে পড়েছে। তবে ডাউন লাইনের (চট্টগ্রামে ফেরার লাইন) সেতুটি সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ পুনস্থাপন সম্ভব হতে পারে বলে একজন প্রকৌশলী জানিয়েছেন। রেলের একটি লাইনের অংশে ৩৪ নম্বর সেতু নির্মাণ করতে এক থেকে দুই সপ্তাহ লেগে যেতে পারে বলে রেলের প্রকৌশলীরা জানিয়েছেন। তাই চট্টগ্রাম স্টেশন থেকে ৩৭ কিলোমিটার উত্তরে সীতাকুণ্ড স্টেশন থেকে ঢাকা ও সিলেটের পথে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হয়েছে। তূর্ণা নিশিথা, ঢাকা মেইল, জালালাবাদ এক্সপ্রেসসহ কয়েকটি মঙ্গলবার রাতেই গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। রেল সেতু ধসে পড়ে কারণে এই ট্রেনগুলো চট্টগ্রামে আটকা পড়েছে।আমাদের আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথে বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচল শুরু হয়েছে। আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে আজ দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, এই ট্রেনের যাত্রীরা কুমিরায় ক্ষতিগ্রস্ত রেল সেতুর অদূরে নেমে যাবেন। সেখান থেকে হেঁটে সেতুর অপর পারে আগে থেকে দাঁড়িয়ে থাকা আন্তনগর তূর্ণা নিশিথা ট্রেনে করে ঢাকায় যাবে।এদিকে চট্টগ্রাম স্টেশনের পরিবর্তে সীতাকুণ্ড স্টেশন থেকে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ শুরু হওয়ায় ট্রেন ভ্রমণের প্রতি যাত্রীদের আগ্রহ কমে যাচ্ছে। আজ রেল স্টেশনে আগের মতো যাত্রীদের সেই কোলাহল দেখা যায়নি। অনেকেই টিকিট ফেরত দিয়েছে। চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক সামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক না হলে যাত্রীরা টিকিট ফেরত দেবে। আজও অনেক যাত্রীর টিকিট ফেরত নিয়েছি আমরা।’