১৫ দিনের মধ্যে হলমার্কের টাকা ফেরত আসবে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ঘটনায় বিএনপির ইন্ধন ছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, ‘বিএনপি উসকানি দিয়ে বুয়েটকে অচল করেছিল। আমাদের কাছে এটার তথ্য আছে।’আজ শুক্রবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ মন্তব্য করেন। গ্রামবাংলায় প্রযুক্তির গণমুখী ব্যবহারের মাধ্যমে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইডিইবির ঢাকা আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। খবর বাসসের।মাহবুব-উল আলম হানিফ বলেন, সরকারকে একটা নাজুক অবস্থায় ফেলার জন্য বিএনপি একটি মহলকে দিয়ে বুয়েট অচল করতে ইন্ধন দিয়েছিল। একটি দেশ পরিচালনার জন্য সরকারি দল ও বিরোধী দলের অনেক দায়িত্ব আছে। কিন্তু বিএনপি তাদের দায়িত্ব পালন না করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য একের পর এক ষড়যন্ত্র করছে।হলমার্ক কেলেঙ্কারির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, ‘সোনালী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংককে বলব, হলমার্কের মালিকসহ এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’অপরাধী যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ১৫ দিনের মধ্যে হলমার্কের টাকা ফেরত আসবে।প্রসঙ্গত, সোনালী ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি আরও ২৭টি ব্যাংক থেকে সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি জালিয়াতি করে হাতিয়ে নিয়েছে হলমার্ক গ্রুপ। গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালকের নাম তানভীর মাহমুদ।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে হানিফ বলেন, বিএনপির নেত্রী নিজেই দুর্নীতিবাজ। জরিমানা দিয়ে তিনি কালোটাকা সাদা করেছেন। তারেক রহমানও দুর্নীতিবাজ। তাঁর নামে অর্থ পাচার, অস্ত্র চোরাচালানের মামলা আছে। তাঁর নামে এফবিআই অর্থ পাচারের অভিযোগ করেছে। তাই কারও বিরুদ্ধে কোনো কথা বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন।আইডিইবির ঢাকা অঞ্চলের সদস্য সচিব মঈন উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ কে এম এ হামিদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শামসুর রহমান।