১৫ বছর ধরে সেই একই চিত্র
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সপ্তম জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ছিলেন খালেদা জিয়া। ওই পাঁচ বছরে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয় ৩৭টি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত অষ্টম সংসদে বিরোধীদলীয় নেতা ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয় ৩৪টি। বর্তমান নবম সংসদের গত দুই বছরে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয়েছে ১১টি। ১২তম বৈঠক হবে আজ সোমবার বেলা তিনটায়।জাতীয় সংসদ সচিবালয়ের কাগজপত্র ঘেঁটে জানা যায়, গত ১৫ বছরে শেখ হাসিনা বা খালেদা জিয়া, যিনি যখন বিরোধীদলীয় নেতা হয়েছেন, তখন সংসদের গুরুত্বপূর্ণ এই কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অংশ নেননি। তবে বেশ কিছু বৈঠকে বিরোধীদলীয় নেতা একজন প্রতিনিধি পাঠিয়েছেন।সংসদের কার্যপ্রণালি বিধির ২১৯ ধারা অনুসারে প্রথম অধিবেশন শুরুর পর কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়। স্পিকারের সভাপতিত্বে ১৫ সদস্যের এ কমিটিতে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা থাকেন যথাক্রমে দুই ও তিন নম্বর সদস্য। বাকি ১২ জন নির্বাচিত হন সরকারি ও বিরোধী দলের জ্যেষ্ঠ সাংসদদের মধ্য থেকে। সংসদের চিফ হুইপ পদাধিকারবলে এ কমিটির সদস্য হন। প্রতি অধিবেশন শুরুর আগে এই কমিটির সভায় ওই অধিবেশনের মেয়াদকাল ও কার্যসূচি নির্ধারণ করা হয়। ঠিক করা হয় আলোচনার বিষয়। গত ১৫ বছর এই কমিটির দুই বা তিন নম্বর সদস্য ছিলেন শেখ হাসিনা বা খালেদা জিয়া।স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি আবদুল হামিদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, বিরোধীদলীয় নেতা কার্য উপদেষ্টা কমিটির সভায় এলে কমিটি তথা সংসদের অনেক লাভ। সরকার ও বিরোধী দলের মধ্যে অনেক সমস্যা এখানে বসে সমাধান করা যায়। কার্য উপদেষ্টা কমিটির সভায় বিরোধীদলীয় নেতাকে আনা গেলে সংসদ বর্জনও হয়তো কমে যেত।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, বিরোধী দলে গেলেই সব বর্জন—এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। তিনি গত ১৫ বছরের এ চিত্রকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে বলেন, দুই নেত্রীর এ অবস্থান সংসদীয় গণতন্ত্রকে দুর্বল করে রাখে।