দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে সেলিব্রিটি টক শো ‘একই বৃন্তে’। আজকের অতিথি সুজিত মুস্তাফা ও মুনমুন আহমেদ দম্পতি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সুইটি, প্রযোজনা করেছেন সুমন সাহা। কথা হলো সুজিত মুস্তাফার সঙ্গে।‘একই বৃন্তে’ অনুষ্ঠানে কোন বিষয়গুলো নিয়ে কথা বললেন?আমরা স্বামী-স্ত্রী দুজন দুই অঙ্গনের সঙ্গে জড়িত। আমি গান করি, আর মুনমুন নাচের সঙ্গে আছেন। আমরা দুজন কীভাবে নিজেদের কাজের মধ্যে সমন্বয় করি, একে অন্যকে কীভাবে সহযোগিতা করি, রাগ-মনোমালিন্য, ভালো লাগা—এমনি নানা কিছু।কাল বৃহস্পতিবার বেঙ্গল শিল্পালয়ে ‘প্রাণের খেলা’ অনুষ্ঠানে আপনি কী গান করবেন?আমি কিন্তু এবারই প্রথম বেঙ্গল শিল্পালয়ে গান করব। তাই অনুষ্ঠানটি নিয়ে কিছু পরিকল্পনা করেছি। একসঙ্গে অনেক গান করার সুযোগ থাকবে। নজরুলসংগীত, হারানো দিনের গান এবং নিজের নতুন অ্যালবাম থেকে গান করব। বাবার (আবু হেনা মোস্তফা কামাল) লেখা কিছু গানও করব। দ্বিজেন্দ্র লাল রায় ও রজনীকান্তের গান করার ইচ্ছা আছে।এবার ঈদ উপলক্ষে আপনার একটি অ্যালবাম বেরিয়েছে।হ্যাঁ, আবার হলো দেখা। লেজার ভিশন থেকে। ১৫ বছর পর বের হলো। এর আগে অবশ্য আরেকটা অ্যালবাম তৈরি করেছি। ওটা কোনো প্রতিষ্ঠানই বের করতে চায়নি। গানগুলো নাকি ভারী হয়ে গেছে। আমার কিন্তু তা মনে হয়নি। শ্রোতাদের রুচির কাছে আত্মসমর্পণ করে বসে থাকলে হবে না। শ্রোতাদের রুচি তৈরি করার দায়িত্ব কিন্তু আমাদের সবার। তাদের ভালো গানের দিকে টানতে হবে। আবার হলো দেখা অ্যালবামের গানগুলো কিন্তু সব ধরনের শ্রোতার জন্য করেছি। আর গানগুলো শুনে অনেকেই প্রশংসা করেছে। শুনেছি, অনেকেই নাকি অ্যালবামটি কিনছে। এটা ভালো দিক।ভারী গানের অজুহাতে যে অ্যালবামটি শ্রোতারা পায়নি, সেটার কী হবে?আবার হলো দেখার ব্যাপারে শ্রোতারা যেমন আগ্রহ দেখাচ্ছে, এখন নিশ্চয়ই ওটাও বের করা সম্ভব হবে। তা ছাড়া এবারই প্রথম বেঙ্গল ফাউন্ডেশন থেকে একটি অ্যালবাম বের করার ব্যাপারে আলোচনা হয়েছে। কালকের অনুষ্ঠানের পর ওটার পরিকল্পনা করব। বিভিন্ন গীতিকার ও সুরকারের গান রাখব। বিনোদন প্রতিবেদক