১৫ বছর পর ছোট পর্দায় আমিন খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৫ বছর আগে ছোট পর্দায় অভিনয় করেছেন চলচ্চিত্রাভিনেতা আমিন খান। সম্প্রতি একটি টিভি সাক্ষাত্কারে শেয়ারবাজারে সর্বস্বান্ত হওয়া একজন বিনিয়োগকারীর যন্ত্রণা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন আমিন খান। এর কিছুদিন পর শেয়ারবাজারের কাহিনি নিয়ে নির্মিতব্য একটি টেলিছবিতে অভিনয়ের প্রস্তাব পান তিনি। দ্বিধা না করে প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন আমিন। এই টেলিছবির মাধ্যমেই দীর্ঘ ১৫ বছর পর ছোট পর্দায় ফিরছেন আমিন খান।প্রথম আলো অনলাইনকে এ প্রসঙ্গে আমিন খান বলেন, ‘প্রতিবেদনটি দেখে আমার চোখে পানি চলে আসে। একপর্যায়ে ওই প্রতিবেদনটি সম্পূর্ণ না দেখে চ্যানেলটি বন্ধ করে দিই।’ আমিন খান বলেন, ‘কাকতালীয় হলেও এর মাসখানেক পর শেয়ারবাজার নিয়ে একটি চিত্রনাট্য আমার হাতে আসে। কোনো কিছু না ভেবেই কাজটি করতে রাজি হই।’ তিনি বলেন, ‘হয়তো শেয়ারবাজারের এ কারসাজিটা আমার পক্ষে সামলানো সম্ভব নয়। কিন্তু আমি মনে করি, যারা শেয়ারবাজারের এই কারসাজির সঙ্গে জড়িত, অভিনয়ের মাধ্যমে তাদের বিবেককে হয়তো জাগিয়ে তুলতে পারব। মূলত এই ভাবনা থেকেই টেলিছবিটিতে কাজ করতে রাজি হয়েছি।’আমিন খান অভিনীত টেলিছবিটির নাম ভূ-চিত্র। রচনা ও পরিচালনা করেছেন সঞ্জয় বড়ুয়া। টেলিছবিটিতে আমিন খানের বিপরীতে অভিনয় করেছেন বিন্দু। এ ছাড়া অন্য অভিনয়শিল্পীরা হলেন শর্মিলী আহমেদ ও শাহরিয়ার শুভ।উল্লেখ্য, আমিন খান ছোট পর্দায় প্রথম কাজ শুধু ‘তুমি’ নামের একটি নাটকে। তাও আবার ১৫ বছর আগে। নাটকটি পরিচালনা করেছিলেন মোহন খান। ১৫ বছর আগের সেই নাটকটিতে আমিন খানের বিপরীতে অভিনয় করেন চিত্র নায়িকা মৌসুমী।